৩ প্রতিষ্ঠান সিলগালা, ৬টি র‍্যাম্প উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজউক গতকাল সকালে গুলশান-১–এ উচ্ছেদ অভিযান  চালায় l ছবি: প্রথম আলো
রাজউক গতকাল সকালে গুলশান-১–এ উচ্ছেদ অভিযান চালায় l ছবি: প্রথম আলো

আবাসিক এলাকায় অননুমোদিত বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে গুলশানে পরিচালিত তৃতীয় দিনের অভিযানে তিনটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও ছয়টি ভবনের সামনে অবৈধভাবে নির্মিত র‍্যাম্প (গাড়ি ওঠা-নামার পথ) ভেঙে দেওয়া হয়।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় গুলশান ১ নম্বরের ৭/১২ নম্বর সড়ক থেকে শুরু হওয়া এ অভিযান চলে পরবর্তী চার ঘণ্টা পর্যন্ত।
প্রথমেই সড়কটির ১১ নম্বর প্লটে অবস্থিত একটি ভবনের নিচতলায় ভিটিআই নামের একটি সুপারশপ, দোতলায় মডার্ন ফার্নিশার্স নামের একটি আসবাবপত্রের দোকান ও ভবনের সামনের অংশে ফিউশন নামের একটি তৈরি পোশাকের দোকান সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ভবনের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান বলেন, ‘আবাসিক এলাকা থেকে এই প্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়ার জন্য এর আগে তিনবার নোটিশ দেওয়া হয়েছে। এরপরও মালিকেরা কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা এগুলো সিলগালা করে দিলাম। ভবনটি আবাসিক হিসেবে রূপান্তরের আগ পর্যন্ত এখানে গ্যাস, বিদ্যুতের সংযোগও দেওয়া হবে না।’
এরপর দুটি ভবনের র‌্যাম্প উচ্ছেদের পর ১৪ নম্বর সড়কে রোজ উড রেসিডেন্স নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় কর্তৃপক্ষের পক্ষ থেকে হোটেলটি উচ্ছেদে আদালতের একটি স্থগিতাদেশ দেখানো হলে এর থেকে সরে আসেন ভ্রাম্যমাণ আদালত। তবে হোটেলটির সামনে অবৈধভাবে নির্মিত র‌্যাম্প গুঁড়িয়ে দেওয়া হয়।
হোটেলটির বাণিজ্যিক কর্মকর্তা আফতাব উদ্দীন বলেন, ‘উচ্চ আদালত থেকে হোটেলটি উচ্ছেদে তিন মাসের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের অনুমতি পেলে আমরা রাজউক থেকে বিষয়টি ঠিক করে নেব।’
চলতি মাসের শুরুতে গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় নজিরবিহীন জঙ্গি হামলার পর আইনশৃঙ্খলা-বিষয়ক মন্ত্রিসভা কমিটি এসব এলাকার অননুমোদিত প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে এসব প্রতিষ্ঠানের বিষয়ে হালনাগাদ তথ্য সংগ্রহের জন্য রাজউকের জোন-৪-এর (গুলশান, বনানী, বারিধারা) পক্ষ থেকে একটি জরিপ পরিচালনা করা হয়। জরিপের তথ্য অনুসারে এই এলাকায় অবস্থিত অননুমোদিত স্থাপনা ৫৫২টি।