৩ লাখ ইয়াবা বড়িসহ মিয়ানমারের ছয় নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের পূর্বে বঙ্গোপসাগরে আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে তিন লাখ ইয়াবা বড়িসহ মিয়ানমারের ছয় নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড চট্টগ্রাম দক্ষিণ জোনের পক্ষ থেকে লে. কমান্ডার শেখ ফখরুদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
আট হওয়া ব্যক্তিরা হলেন মিয়ানমারের আকিয়াবের সাংদামার মিউরখুলের গ্রামের বাসিন্দা নাজির আহমদ (৬৫), রহিম উল্লাহ (৫০), মোহাম্মদ করিম (১৭), এনামুল হোসেন (১৬), মোহাম্মদ ফারুক (১৫) ও মোহাম্মদ রফিক (১৪)।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লে. এম জাফর ইমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে কোস্টগার্ডের একটি বিশেষ দল অভিযানটি চালায়। অভিযানে মিয়ানমারের ছয় নাগরিকসহ মাছ ধরার একটি ট্রলার জব্দ করা হয়। ট্রলারে তল্লাশি চালিয়ে একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে তিন লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়, যার মূল্য প্রায় ১৫ কোটি টাকা।
মিয়ানমারের ছয় নাগরিককে টেকনাফ থানার পুলিশে সোপর্দ করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।