৩ লাখ টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
চট্টগ্রামে প্রায় ৩ লাখ টাকার জালনোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন জসিম উদ্দিন ও তাঁর স্ত্রী তাসলিমা আক্তার।
পুলিশের দাবি, ঈদুল আজহা সামনে রেখে তাঁরা জালনোট মজুত করেছেন।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসান প্রথম আলোকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ লাখ ৬০ হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ২৬০টি এক হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন, আট বছর ধরে তাঁরা জালনোটের ব্যবসা করে আসছেন। চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলে তাঁদের জালনোটের ব্যবসা রয়েছে। জসিম চট্টগ্রাম অঞ্চলের প্রধান।
নাজমুল হাসান জানান, দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা হয়েছে। গত জানুয়ারি মাসে গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে নগরের খুলশী থানায় মামলা করে পুলিশ।