দিনাজপুরের পার্বতীপুরে চিড়াকুটা আদিবাসীপল্লিতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও শ্লীলতাহানির ঘটনায় গৃহবধূ নীলিমা হেমব্রম বাদী হয়ে ৩ হাজার ৭৪ জনের বিরুদ্ধে পার্বতীপুর থানায় মামলা দায়ের করেছেন।
দিনাজপুরের আদিবাসী নেতা ভিক্টর লাকড়া জানান, মামলা দায়েরের আগে সংশ্লিষ্ট এলাকার অধীন চার্চের দায়িত্বপ্রাপ্ত ফাদার সরেজমিনে গ্রামটি পরিদর্শন করেন। পরে দিনাজপুরের বিশপের সঙ্গে আলোচনা করেন। এসব কারণে আদিবাসীদের পক্ষে মামলা করতে কিছুটা দেরি হয়েছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, সাঁওতাল পল্লিতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৩ হাজার ৭৪ জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ শুক্রবার রাত থেকে এলাকার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোশারফ হোসেন (৩৪), এমরান আলী (২৩), শামসুল হক (৪৮), হাসান আলী (৪০), মামুন মণ্ডল (২০), মোক্তার শাহ (৪০) ও এরশাদ আলী (১৯)। তাঁদের গতকাল বিকেলে বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রাজ্জাক জানান, পুলিশ গতকাল শনিবার পর্যন্ত সাঁওতালদের লুটপাট হওয়া ৪০টি গরু, ১২টি ছাগল, দুটি ভেড়া, ১৫ বস্তা চাল, ১০ বস্তা ধান, তিনটি সেলাই মেশিন, চারটি শ্যালো ইঞ্জিন, পাঁচটি রিকশা ভ্যান ও দুটি বাইসাইকেল উদ্ধার করেছে।
২৪ জানুয়ারি পার্বতীপুরের মোস্তফাপুর ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আদিবাসীদের সঙ্গে সংঘর্ষে স্থানীয় এক কৃষকের মাদ্রাসাপড়ুয়া ছেলে নিহত হয়। এরপর ওই মাদ্রাসাছাত্রের পরিবার ও আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ আদিবাসীদের হাবিবপুর চিড়াকুটা গ্রামে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগ করে। খুনের ঘটনায় নিহত ছাত্রের পরিবারের পক্ষে দায়ের করা মামলায় পুলিশ ওই দিনই ১৯ জন আদিবাসীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। ঘটনার পাঁচ দিন পর ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পক্ষে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হয়।