৩টি সীমানা পিলারসহ ২ জন গ্রেপ্তার
খুলনায় তিনটি ম্যাগনেট সীমানা পিলারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। জেলার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার খুলনায় র্যাব-৬ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৬-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. জাহিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, বটিয়াঘাটায় একটি চক্র ম্যাগনেট পিলার বিক্রি করে। র্যাব সদস্যরা ক্রেতা সেজে চক্রের সদস্যদের সঙ্গে কথা বলেন। আলোচনার একপর্যায়ে র্যাব সদস্যরা দুটি পিলার আট কোটি টাকা দিয়ে কিনতে রাজি হন। এরপর সেখানে অভিযান চালিয়ে তিনটি ম্যাগনেট পিলারসহ দুজনকে আটক করা হয়।
আটক দুজন হলেন বিরাট গ্রামের মো. আকতার হোসেন ও মো. রেজোয়ান। আজ ওই দুই ব্যক্তির বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় একটি মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।