৩০ কেজির স্থলে ১৫ কেজি চাল বিতরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দুস্থ ব্যক্তিদের ১০ টাকা কেজি দরে ৩০ কেজির স্থলে ১৫ কেজি করে চাল বিতরণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার উপজেলার কাকরকান্দি গ্রামে ওই চাল বিতরণ করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, পল্লি রেশনিং কার্যক্রমের আওতায় উপজেলায় ১২টি ইউনিয়নে ২৪ জন ডিলারের মাধ্যমে ১৪ হাজার ৭১৭ জন কার্ডধারীর ১০ টাকা কেজি হিসেবে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। গত বুধ ও বৃহস্পতিবার উপজেলা খাদ্যগুদাম থেকে ৪৪০ মেট্রিক টন চালের বিপরীতে ওই ইউনিয়নগুলোর জন্য ২২০ মেট্রিক টন চাল সরবরাহ করা হয়। কিন্তু গত শুক্রবার উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সুতিয়ারপার বাজারের ডিলার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ৩১ জন কার্ডধারীর মধ্যে ৩০ কেজি চালের স্থলে ১৫ কেজি করে বিতরণ করেন। বাকি ১৫ কেজি চালের কথা জানতে চাইলে ওই ডিলার পরবর্তী সময়ে ১৫ কেজি চাল দেওয়া হবে বলে কার্ডধারী ব্যক্তিদের জানিয়েছেন।
কম চাল বিতরণের বিষয়টি জানাজানি হওয়ায় জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারী গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (্ইউএনও) কার্যালয়ে সভা করেন। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার থেকে উপজেলায় চাল বিতরণ সাময়িক বন্ধ রাখা হয়েছে। ৩০ কেজি করে প্যাকেটের মাধ্যমে ঈদের পর থেকে বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
হাতিবান্দা গ্রামের সফর আলী বলেন, ‘৩০ কেজি কইরা চাল দেওয়ার কথা। কিন্তু চাল দিছে ১৫ কেজি কইরা। আর ১৫ কেজির কথা জানবার চাইলে ডিলার কইছে, পরে দেওয়া অইবো।’
হাতিবান্দা গ্রামের কৃষিশ্রমিক ফজলু হক (৪৫) বলেন,‘১৫০ টেহা দিয়া ১৫ কেজি চাল পাইছি। ডিলার আমিনুল কইছে, বাহি চাল ঈদের পরে দিবো।’
ডিলার আমিনুল ইসলাম বলেন, ‘আমাকে ১৮ টনের স্থলে ৯ টন চাল দেওয়া হয়েছে। খাদ্য নিয়ন্ত্রক বাতেন স্যার প্রতি কার্ডের বিপরীতে ১৫ কেজি করে চাল দিতে বলেছেন। গত শুক্রবার ৩১ জনকে ১৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আরও ১৫ কেজি করে দেওয়া হবে বলে জানান।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল বাতেন কম চাল বিতরণের নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো ডিলারকে ১৫ কেজি করে চাল বিতরণ করার জন্য বলা হয়নি।
ইউএনও তরফদার সোহেল রহমান বলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রকের উপস্থিতিতে সভায় ৩০ কেজির প্যাকেট করে ঈদের পর মন্ত্রী মহোদয়ের সম্মতিক্রমে চাল বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।