নোয়াখালীর হাতিয়া উপজেলার ঠেঙ্গারচরের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে গণডাকাতি করে ৩০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে লক্ষ্মীপুরের রামগতির জলদস্যু ভুট্ট বাহিনীর সদস্যরা। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে গতকাল বুধবার ভোররাত পর্যন্ত এসব ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে।
জলদস্যুরা এ সময় সাগরে অন্তত ৩০-৩৫টি ট্রলার থেকে প্রায় ৬০ লাখ টাকার মাছ, জাল ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর গতকাল বুধবার দিনভর পুলিশ এবং কোস্টগার্ডের সদস্যরা ঠেঙ্গারচর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কোনো জেলের সন্ধান পাননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হাতিয়ার ঠেঙ্গারচরের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় রামগতির জলদুস্য ভুট্ট বাহিনীর সদস্যরা প্রথমে মাছ ধরা ট্রলার এমভি তৌফিকে এ হামলা চালায় এবং ১৭ জেলেকে অপহরণ করে ট্রলারটির তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
এরপর ওই ট্রলার দিয়ে বঙ্গোপসাগরে ও মেঘনায় ৩০-৩৫টি মাছ ধরা ট্রলারে ডাকাতি করে মাছ, মাছ ধরার জাল ও অন্যান্য মালামাল লুট করে। একই সঙ্গে ওই সব ট্রলার থেকে আরও ১৩ জেলেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দস্যুরা।
অপহৃত জেলেদের মধ্যে ১৪ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মো. কালু মাঝি, খোকন মাঝি, আকতার মাঝি, মো. স্বপন, মলংগী মাঝি, জিয়া উদ্দিন, আকরাম, শাহেদ মাঝি, মাকছুদ মাঝি, কেফায়েত হোসেন, সুমন মাঝি, জাবের মাঝি, জামাল মাঝি ও রশিদ মাঝি।
এদিকে হাতিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আক্তার হোসেনের ভাষ্যমতে, মঙ্গলবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত বঙ্গোপসাগরে এবং মেঘনায় অন্তত ৭০-৮০টি মাছ ধরার ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ট্রলার থেকে কমপক্ষে ৭০ জন জেলেকে ধরে নিয়ে জলদস্যুদের আস্তানা ঠেঙ্গারচরের জঙ্গলে নির্যাতন করা হচ্ছে। এ বিষয়ে পুলিশ ও কোস্টগার্ডও গতকাল বিকেল পর্যন্ত কিছু করতে পারেনি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী গতকাল বুধবার সকালে জানিয়েছেন, তিনি ৩০ জন জেলেকে অপহরণের কথা শুনেছেন। ঘটনা জানার পর তিনি থানা থেকে পুলিশের একটি দলকে ঠেঙ্গারচরের দিকে পাঠিয়েছেন। বিকেল পর্যন্ত তারা সেখানে অবস্থান করছে। তবে অপহৃত কোনো জেলেকে উদ্ধারের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের পেটি অফিসার মো. হেলাল (পিও) প্রথম আলোকে বলেন, মেঘনা নদী থেকে মঙ্গলবার রাতে জেলেদের অপহরণের ঘটনা জানার পর তিনি নিজেই ঠেঙ্গারচরের পূর্ব পাশে গিয়ে ঘুরে আসেন। কিন্তু সেখানে কোনো ট্রলার কিংবা জেলেকে পাওয়া যায়নি। অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।