৩০ ডাকাতকে সাত বছর করে কারাদণ্ড
সিরাজগঞ্জে ডাকাতি চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ৩০ জনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালত ও বিশেষ ট্র্যাইবুনালের (তৃতীয়) বিচারক শেখ মেরিনা সুলতানা গতকাল বুধবার এ রায় দেন।
সাজা পাওয়া ৩০ জনের মধ্যে ৭ জন আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা হলেন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার অলোয়া গ্রামের শাহ আলম (২৯), বীর অলোয়ার রঞ্জু খাঁ (২৬) ও নাসির আলী শেখ (৩৪), কুড়িগ্রাম সদরের মনিহারহাটের সাজু মিয়া (২৫), পিরোজপুরের স্বরুপকাঠি উপজলার মাহমুদকাঠির কামরুল হাসান (২৪), বরিশালের গৌরনদীর দক্ষিণ রামসিদ্ধিরের জাহাঙ্গীর আলম (২৭) এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্দ্রপাশা গ্রামের আমজাদ হোসেন (২৮)। বাকি ব্যক্তিরা পলাতক রয়েছেন।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি শামসুল আলম বলেন, গত বছরের ৩ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের নগনবাড়ি-বগুড়া মহাসড়কের উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে বাস নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ৩০ জন ডাকাতকে আটক করে। এ সময় বাস থেকে ডাকাতিকাজে ব্যবহৃত চায়নিজ কুড়াল, ছুরি, রামদা, চাপাতিসহ দেশে তৈরি অস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় থানার পরিদর্শক গোলাম কিবরিয়া বাদী হয়ে ৩৪ জনকে আসামি করে অস্ত্র আইনে মামলা করেন। ওই বছরের ২৯ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসলাম উদ্দীন ৩০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। শুনানি শেষে বিচারক গতকাল ওই রায় দেন।