৩০ মামলার আসামি র্যাবের হাতে গ্রেপ্তার
গাড়ি পোড়ানোসহ বিভিন্ন নাশকতার অভিযোগে করা ৩০ মামলার আসামি ইসলামি ছাত্রশিবিরের সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি শাহরিয়ার আলম সিপারকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের শাহি ঈদগাহ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)-এর উপপরিচালক মেজর এস এ এম ফখরুল ইসলাম খান সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শাহরিয়ার আলমকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে জানান।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহরিয়ার আলমের বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ বিভিন্ন নাশকতার অভিযোগে সিলেট নগরের বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে। এর মধ্যে কোতোয়ালি থানায় করা ১৫টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তিনি গ্রেপ্তার এড়াতে সিলেট ও মৌলভীবাজারে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।