৩০ লাখ ইয়াবা বড়ি উদ্ধার

বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার থেকে ২০ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব–৭)। একই সঙ্গে চোরাচালান চক্রের প্রধান মো. মোজাহেরসহ নয়জনকে আটক করা হয়েছে। আজ রোববার ভোরে এ অভিযান চালানো হয়।
এদিকে আজ ভোরে কক্সবাজারের টেকনাফে ৯ লাখ ৮০ হাজারটি ইয়াবা বড়ি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
২০ লাখ ইয়াবা উদ্ধারের বিষয়ে আজ বিকেলে র্যাব–৭–এর পতেঙ্গা কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ২০ লাখ ইয়াবা বড়ি চোরাচালানের সঙ্গে জড়িত চক্রের প্রধান মো. মোজাহেরকে আটক করা হয়েছে। মোজাহের সমাজের একজন দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত। ভালো মানুষের আড়ালে তিনি ইয়াবা ব্যবসার মতো ঘৃণ্য কাজ করে যাচ্ছেন। তাঁর মতো ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।
এদিকে আজ সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্ত দিয়ে ইয়াবা আসা বন্ধ করতে মিয়ানমার সরকারের সঙ্গেও কথা বলছি। কিন্তু মিয়ানমার সরকার তাদের নীতির জন্য হোক কিংবা একটু স্লো চলে সে জন্য হোক, কথা বলার পরেও তাদের কাছ থেকে সুফল পাচ্ছি না।’
র্যাব জানায়, আজ ভোরের অভিযানে আটক হওয়া ব্যক্তিরা হলেন মোজাহের সিন্ডিকেটের প্রধান মো. মোজাহের (৫৫), মো. মকতুল হোসেন (৫০), মো. নূর (৩৭), মো. হেলাল (২১), মো. আবদুল খালেদ (৬০), মো. জানে আলম (৩২), মো. লোকমান (৫৯), মো. এনায়েত উল্লাহ (৭২) ও মো. নুরুল মোস্তফা (২৬)। মোজাহের বাদে সবাইকে ট্রলার থেকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, জব্দ করা ওই ইয়াবা বড়ির মালিক মো. মোজাহের। পরে সকালে চট্টগ্রাম নগরের পাঁচলাইশের সুগন্ধা আবাসিক এলাকায় অবস্থিত মোজাহেরকে তাঁর নিজস্ব ফ্ল্যাট থেকে আটক করা হয়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা জানতে পারে, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি মাছ ধরার ট্রলার হাতিয়ার উদ্দেশে যাত্রা করেছে। আরেকটি ট্রলারের মাধ্যমে এই ইয়াবা আনোয়ারার গহিরায় খালাস করার পরিকল্পনা ছিল। এ তথ্যের ভিত্তিতে র্যাব–৭–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমদের নেতৃত্ব একটি দল গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ট্রলারটি আটক করে। সেখানে তল্লাশি চালিয়ে ২০ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এই ট্রলারের মালিক আনোয়ারার মো. জলিল।

এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে র্যাব জানায়। জব্দ করা ২০ লাখ ইয়াবা বড়ির আনুমানিক দাম ১০০ কোটি টাকা বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আজ রোববার ভোর পৌনে পাঁচটার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বস্তাভর্তি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে বিজিবি।
দুপুর ১২টার দিকে বিজিবির ২ ব্যাটালিয়ন সদর দপ্তরের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, এ যাবৎ বিজিবির আটক করা ইয়াবার চালানের মধ্যে এটিই সবচেয়ে বড় চালান। রোববার সকালে সাবরাং ইউনিয়নের হারিয়াখালী সমুদ্রসৈকত এলাকা দিয়ে ইয়াবার একটি চালান পাচার হবে—এমন তথ্যের ভিত্তিতে আবুজার আল জাহিদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল সেখানে এলাকায় অভিযানে যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন পাচারকারী পাঁচটি বস্তা ফেলে পালিয়ে যায়। ওই বস্তার ভেতর থেকে ৯ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এর বাজারমূল্য ২৯ কোটি ৪০ লাখ টাকা।
মো. আবুজার আল জাহিদ বলেন, এখন সমুদ্রপথে আসা ইয়াবার চালান দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে পাচার করা হচ্ছে। সমুদ্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়াতে হবে। উদ্ধার করা ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়নের সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে ধ্বংস করা হবে।