এক লাখ টাকার একেকটি বান্ডিলে এক হাজার টাকার দু-তিনটি জাল নোট ঢুকিয়ে দিতেন সোনালী ব্যাংক মতিঝিলের একটি শাখার ক্যাশিয়ার ও জাল নোট চক্রের সদস্য শম্ভুনাথ সরকার। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত বছর তাঁকে চাকরিচ্যুত করা হয়। এরপর তিনি বিভিন্ন ব্যাংকে কর্মরত তাঁর ঘনিষ্ঠজনদের মাধ্যমে ওই সব ব্যাংকে জাল নোট ছড়িয়ে দিতেন।
গত বুধবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে সোনালী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী শম্ভুনাথ (৪৮) ও জাল নোট তৈরি চক্রের দলনেতা শাহ আলমসহ (২৬) সাতজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে ২০ লাখ টাকার বাংলাদেশি জাল নোট ও ১০ লাখ টাকার ভারতীয় মুদ্রা এবং জাল নোট তৈরির উপকরণ ও যন্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন মো. জহিরুল ইসলাম ওরফে খোকন (৩২), মো. আমিনুল ইসলাম (৩৫), শাহীন সিকদার (৪০), মো. হাবিব (২৫) ও মো. কাওসার আহম্মেদ (৩৮)। তাঁদের দুই দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, ঈদুল আজহা সামনে রেখে জাল নোট কারবারিরা বাজারে জাল নোট ছড়াতে প্রস্তুতি নিচ্ছিলেন। এ খবর আসে ডিবি পুলিশের কাছে। এর ভিত্তিতে বুধবার বিকেলে কামরাঙ্গীরচরের লোহারপুলে জাল নোট বেচাকেনা করার সময় ডিবি পুলিশ জহিরুল ও আমিনুলকে আটক করে। তাঁদের কাছ থেকে ২৩ হাজার জাল নোট আটক করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচরের চিনা গলির ৩ নম্বর রোডের জাল নোট চক্রের দলনেতা শাহ আলমের বাসা থেকে ২০ লাখ টাকার জাল নোট ও ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়। এ ছাড়া ওই বাসা থেকে জাল টাকা তৈরির কাগজ, ফ্রেম, নিরাপত্তা সুতা, টাকা ছাপানোর ১০টি ফ্রেম, রং, কেমিক্যাল, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, কালির ৫০০ কাট্রি৴জ ও ছয়টি মুঠোফোন উদ্ধার করা হয়। ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানান, তাঁরা রাজধানীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে জাল নোট তৈরির কারখানা হিসেবে ব্যবহার করে আসছেন। তাঁরা ডলার, ইউরোসহ বিভিন্ন দেশের টাকা তৈরি করে তা চক্রের সদস্যদের মাধ্যমে রাজধানীসহ সারা দেশে বাজারজাত করে আসছেন। জাল মুদ্রা তৈরির এই চক্র তিন স্তরে বিভক্ত হয়ে কাজ করে। প্রথম চক্রের সদস্যরা জাল নোট তৈরির কাগজ সরবরাহ করেন। তাঁরা টাকার যাবতীয় নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত কাগজ তৈরি করে চক্রের প্রধান শাহ আলমের চাহিদা অনুযায়ী তাঁর কাছে সরবরাহ করতেন। পরে শাহ আলম, কাওসার ও জহিরুল কম্পিউটার ও প্রিন্টারের মাধ্যমে টাকা ছাপিয়ে সরবরাহকারী গ্রুপের মাধ্যমে সারা দেশে তা বাজারজাত করতেন। সরবরাহকারী চক্রে আছেন আমিনুল, শম্ভুনাথ সরকার ও শাহীন।
যুগ্ম কমিশনার বলেন, গ্রেপ্তার হওয়া আমিনুল জাল নোটের পাশাপাশি রাজশাহীর সীমান্তে নিযুক্ত তাঁর এজেন্টদের মাধ্যমে ভারতীয় জাল মুদ্রা ভারতের বিভিন্ন লোকের কাছে সরবরাহ করতেন। শম্ভুনাথ সরকার সোনালী ব্যাংকের মতিঝিলের একটি শাখার কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। ব্যাংকের ক্যাশ বিভাগে কাজ করার সুবাদে তিনি জাল নোট প্রকৃত নোটের সঙ্গে মিশিয়ে ব্যাংকের ক্যাশে জমা করতেন।
সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম, ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান।