৩০ শিশুসহ ৩৩ জন আটক, পরে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে পাচার সন্দেহে ৩০ শিশুসহ ৩৩ জনকে আটক করে ছেড়ে দিয়েছে র‌্যাব।

গত রোববার রাতে জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় ঢাকাগামী ‘মায়ের আঁচল’ নামের একটি বাস থেকে তাঁদের আটক করা হয়। বাসটি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ থেকে ছেড়ে এসেছিল।

র‌্যাব-১৩ সূত্র জানায়, ওই বাসে ৩০ জন শিশুকে তিন ব্যক্তি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। শিশুসহ ওই তিনজনকে আটক করে র‌্যাব ক্যাম্পে নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে পাচার প্রমাণিত না হওয়ায় দেবীগঞ্জের সোনাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহিমুল ইসলামের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ইউপি চেয়ারম্যান রাহিমুল ইসলাম বলেন, ‘ওই ৩০ শিশু আমার ইউনিয়নের। তারা ঢাকার কেরানীগঞ্জের একটি পোশাক কারখানায় কাজের জন্য যাচ্ছিল। তাদের নেতৃত্বে ছিলেন মল্লিকাদহ গ্রামের হাবিবুর রহমান, মফিজার রহমান ও নুরনবী ইসলাম। তাঁরাও একই কারখানায় কাজ করেন।’

রোববার রাতে নীলফামারী র‌্যাব ক্যাম্পের সামনে কথা হয় সোনাহার ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের আটক শিশু হাবিবুর রহমানের (১৪) মামা জিয়াউর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘পরিবারের সম্মতিতে আমার ভাগনে কাজের জন্য যাচ্ছিল। আটকের খবর পেয়ে তাকে নিতে এসেছি।’

র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কমান্ডার মেজর খুরশিদ আনোয়ার বলেন, শিশু, অভিভাবক, তাদের নেতৃত্ব দেওয়া তিন ব্যক্তি, ইউপি চেয়ারম্যান ও কারখানার মালিক মিজানুর রহমানের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, শিশুরা কাজের জন্য ঢাকায় যাচ্ছিল। তবে কারখানার মালিক শিশুশ্রমিক নিতে বারণ করেছিলেন বলে জানান। অসৎ উদ্দেশ্য না থাকায় নৈশভোজ শেষে মধ্যরাতে ইউপি চেয়ারম্যানের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।