
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাটাবাড়ি খালে বাঁশ পুঁতে ও সুতিজাল বেঁধে পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে মাছ শিকার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পানি নামতে দেরি হওয়ায় এই এলাকার কয়েক হাজার হেক্টর জমিতে রবিশস্যের আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসী ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগপত্র সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার চলনবিল এলাকার সগুনা ইউনিয়নের কুন্দুইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভেটুয়া খাল পর্যন্ত দীর্ঘ প্রায় ১০ কিলোমিটার এলাকার কুন্দুইল বাজার, মাটি ফাউস, গবর জংগলসহ আশপাশের প্রায় ৩০টি স্থানে বাঁশ পুঁতে বাঁশের সঙ্গে সুতিজাল লাগিয়ে মাছ শিকার করা হচ্ছে। বিলের পানি নেমে যাওয়ার জন্য একমাত্র কাটাবাড়ি খালটি ব্যবহৃত হয়। কিন্তু বাঁধ দেওয়ায় বন্যার পানি ধীরগতিতে নামছে।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, ওই খালের মধ্যে বিভিন্ন স্থানে আড়াআড়িভাবে বাঁশ পুঁতে সুতিজাল লাগিয়ে দেওয়া হয়েছে। এসব স্থানে ১০-১২ জন নিয়মিত এগুলো পাহারা দিচ্ছেন। তবে নৌযান চলাচলের জন্য সামান্য জায়গা রাখায় পানি বাধাগ্রস্ত হয়ে সরু একটি স্থান দিয়ে বের হচ্ছে।
সগুনা ইউনিয়নের কুন্দুইল ও ধামাইচ গ্রামের তিনজন বাসিন্দা অভিযোগ করেন, কাটাবাড়ি খালটি এমনিতেই সরু। বাঁশ পুঁতে রাখায় পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। আগামী এক মাসের মধ্যে রবিশস্যের আবাদ করতে হবে। যেভাবে পানি নামছে, তাতে পুরো এলাকা থেকে পানি নামতে দুই মাস অতিরিক্ত সময় লাগবে। যদি পানি বাধাগ্রস্ত না হতো, তা হলে এত দিনে বিল থেকে পানি নেমে যেত। জমি আবাদযোগ্য হয়ে উঠত। বিষয়টি জানিয়ে তাঁরা জেলা ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
কুন্দুইল গ্রামের কৃষক মো. আবুবক্কার সিদ্দিক বলেন, অক্টোবর থেকে নভেম্বর মাসের মাঝামাঝি সময় রবি মৌসুম। এই সময়ে এলাকায় শত শত কৃষক সরিষা ও ভুট্টা আবাদ করে থাকেন। পানি নেমে যাওয়ার পরও জমি আবাদের উপযোগী করে তুলতে কমপক্ষে ১৫ দিন সময় লাগে। এখনো প্রচুর পানি রয়েছে। চলনবিল এলাকায় বন্যার পর রবিশস্য আবাদটি কৃষকদের একমাত্র উৎপাদনশীল আবাদ। এই আবাদ করতে না পারলে কৃষকেরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
মাছ শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে ওই এলাকার আরিফুল ইসলাম, আল মামুন ও রফিকুল ইসলাম দাবি করেন, শুধু তাঁরাই নন, এই খালের বিভিন্ন স্থানে ২০ থেকে ৩০ জন এভাবে মাছ ধরে আসছেন। কয়েক দফা বন্যা হওয়ায় পানি নামতে একটু দেরি হচ্ছে। অধিকাংশ জমি থেকে পানি নেমে গেছে। বাকি জমিগুলো থেকে অচিরেই পানি নেমে যাবে। সরিষা ও ভুট্টার আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কাই নেই।
এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, খালে বাঁধ দিয়ে মাছ ধরা অনেক দিন ধরেই চলে আসছে। বর্তমানে রবিশস্যের মৌসুম শুরু হয়েছে। বন্যার পানি নামতে বাধা পাওয়ার কারণে আবাদ দেরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি জানার পর প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, সুতিজাল দিয়ে মাছ ধরায় পোনামাছ মারা পড়ছে। এতে মাছের বংশবিস্তার রোধ হচ্ছে।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, ‘বিষয়টি দেখা মৎস্য কর্মকর্তার দায়িত্ব। এ বিষয়ে কোনো প্রশাসনিক সহায়তার প্রয়োজন হলে আমার পক্ষ থেকে তা করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তা ছাড়া যে বাঁশগুলো পোঁতা হয়েছে, সেগুলো মাটির অনেক নিচে। তুলতে হলে জনবল ও আর্থিক সহায়তার প্রয়োজন। বর্তমানে সে ব্যবস্থা উপজেলা প্রশাসনের কাছে নেই।’