৩০ হাজার ইয়াবা ফেলে পালাল ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবার ফাইল ছবি
ইয়াবার ফাইল ছবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ধাওয়া খেয়ে ৩০ হাজার ইয়াবা বড়ি ফেলে গেছে পাচারকারীরা। শুক্রবার দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতে বিজিবি জানতে পারে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান টেকনাফের সাবরাং আলুগোলার মৎস্য খামার সংলগ্ন প্যারাবন এলাকা দিয়ে বাংলাদেশে আনা হবে। এর ভিত্তিতে দমদমিয়া সীমান্ত চৌকির সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পরে কয়েকজন লোককে প্যারাবনে দেখামাত্রই সন্দেহ হওয়াই তাদের চ্যালেঞ্জ করলে ইয়াবা পাচারকারীরা দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করলে ইয়াবার প্যাকেট ফেলে পাশের গ্রামে ঢুকে পালিয়ে যায় তারা। তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ব্যাগের ভেতর থেকে ৯০ লাখ টাকার মূল্যের ৩০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে এগুলো ধ্বংস করা হবে।