জয়পুরহাটের আক্কেলপুরে জাল নোট ব্যবসায়ীদের লেনদেন জমে উঠেছে। আসল ৩০ হাজার টাকায় এখানে নকল এক লাখ টাকা বিনিময় হচ্ছে। স্থানীয় কিছু প্রভাবশালী ও ব্যবসায়ীর যোগসাজশে চক্রটি এলাকার সাধারণ মানুষকে ঠকিয়ে জাল টাকার এ রমরমা ব্যবসা চালাচ্ছে।
আক্কেলপুর থানার পুলিশ গত মঙ্গলবার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানা যায়।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার প্রতাপপাড়া গ্রামের আজিমুদ্দিনের ছেলে শাহিনুর আলম (৩০) ও হরিপুর গ্রামের আবদুস ছালামের ছেলে শাহিন (২৮) এবং বগুড়ার নামুজা এলাকার শমশের আলীর ছেলে আমীন হোসেন (৪৫)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। গ্রেপ্তার হওয়া তিনজনকে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তার হওয়া তিনজন জাল নোট ব্যবসায়ী চক্রের অন্যতম সদস্য। চক্রের মূল হোতাকে ধরার চেষ্টা চলছে।
পুলিশ সূত্র জানায়, আক্কেলপুর পৌর সদরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে প্রথমে ১০ হাজার টাকার জাল নোটসহ শাহিনুরকে গ্রেপ্তার করা হয়। এরপর আমীনকে এবং শেষে তাঁদের দুজনের দেওয়া তথ্যানুযায়ী হরিপুর গ্রাম থেকে এক লাখ জাল টাকাসহ শাহিনকে গ্রেপ্তার করা হয়।
থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে ওই তিন ব্যক্তি জানান, আসল ৩০ হাজার টাকা দিয়ে নকল এক লাখ টাকা লেনদেন করে চক্রটি। উপজেলার বিভিন্ন হাটবাজারের কিছু কাঁচামাল ব্যবসায়ীকে কমিশন দিয়ে হাতে রাখেন তাঁরা। তাঁদের মাধ্যমে কৃষক ও সাধারণ মানুষকে গছান ওই নকল টাকা। তা ছাড়া কমিশন দিয়ে স্থানীয় কিছু প্রভাবশালীকেও হাতে রাখে চক্রটি। নকল টাকা দিয়ে নিজেরা কেনাকাটার সময় বা বিনিময়ের সময় কখনো ধরা পড়লে এসব প্রভাবশালী তাঁদের ছাড়িয়ে নেন।
মঙ্গলবার রাতে থানা হাজতে থাকা শাহিনুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি তিন হাজার আসল টাকা দিয়ে আমিনের কাছ থেকে ওই নকল ১০ হাজার টাকা কিনেছিলাম।’