৩০ হাজার টাকায় ১ লাখ টাকার জালনোট!
চট্টগ্রামে ১ লাখ টাকার জালনোট ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। গত শনিবার রাত থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জালনোট চক্রের চারজনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ এই তথ্য জানতে পারে। গ্রেপ্তার চারজন হলেন মনিরুল ইসলাম, মো. ফোরকান, রাজীব ধর ও মো. সোহেল। তাঁদের কাছ থেকে ৫২ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার চার আসামি স্বীকার করেছেন ১ লাখ টাকার জালনোট তাঁরা ৩০ হাজার টাকায় বিক্রি করেন। নিজেদের পরিচিত লোকজন ছাড়া কারও কাছে বিক্রি করেন না। সাধারণত ইয়াবা ব্যবসায়ী ও চোরাকারবারীরা তাঁদের কাছ থেকে জাল টাকার নোট সংগ্রহ করেন। লেনদেনের সময় টাকার বান্ডিলে এসব জালটাকা ঢুকিয়ে দেন তাঁরা। তাঁরা ঢাকা থেকে এসব জালা টাকা সংগ্রহ করে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটিতে বিক্রি করে থাকেন।