৩০ হিন্দু পরিবারের দেশ ত্যাগের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিনুর রহমানের অত্যাচারে ৩০টি হিন্দু পরিবার গ্রাম ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
গতকাল শুক্রবার চৌগাছার কয়েকটি গ্রাম ঘুরে বিকেলে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী রানা দাশগুপ্ত এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে রানা দাশগুপ্ত বলেন, ‘চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে শাহিনুরের নির্যাতন শুরু হয়। তাঁর নির্যাতনে গত চার বছরে ইউনিয়নের কয়েকটি গ্রামের অন্তত ৩০টি হিন্দু পরিবারের দেড় শতাধিক মানুষ ভারতে চলে যেতে বাধ্য হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সাংসদ স্বপন ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি, পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার সভাপতি অসীম কুণ্ডু, সাধারণ সম্পাদক দীপংকর দাস, যুগ্ম সাধারণ সম্পাদক যোগেশ দত্ত প্রমুখ।
অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, ‘আমি প্রতিপক্ষের রাজনীতির শিকার। ইউপি নির্বাচনে আমি যাতে আওয়ামী লীগের প্রার্থী হতে না পারি, এর জন্য রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন মানববন্ধন করে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। আমি কোনো হিন্দু পরিবারের ওপর নির্যাতন করিনি।’
এ বিষয়ে ২৫ এপ্রিল চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে চেয়ারম্যান শাহিনুর রহমানসহ সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি শফিয়ার রহমানকে পুলিশ আটক করেছে। শফিয়ার চৌগাছার বাড়িয়ালি গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিয়ার রহমান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, চার বছরে বিভিন্ন সময়ে ইউপি চেয়ারম্যান শাহিনুরের অত্যাচার-নির্যাতনে ৩০টি হিন্দু পরিবার গ্রাম ছেড়ে ভারতে চলে গেছে। এ বিষয়ে মামলা করা হয়েছে। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।