৩০০ একর বনভূমি দখল করে ঘেরের বাঁধ নির্মাণ!
কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা রেঞ্জের অধীন চরণদ্বীপে ৩০০ একর বনভূমি অবৈধভাবে দখল করে স্থানীয় লোকজন চিংড়িঘেরের বাঁধ নির্মাণ করছে। ইতিমধ্যে ঘেরের বাঁধ নির্মাণ করতে গিয়ে কাটা পড়ে প্যারাবনের প্রায় এক হাজার কেওড়াগাছ।
স্থানীয় গোরকঘাটা রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেমঘাট বিটের আওতাধীন চরণদ্বীপে শুক্কুর আলীর নেতৃত্বে শতাধিক লোকজন তিন সপ্তাহ আগে প্যারাবন নিধন করে চিংড়িঘের করার জন্য বাঁধ নির্মাণ শুরু করে। তাই ইতিমধ্যে ছোট-বড় মিলিয়ে প্রায় এক হাজার কেওড়াগাছ কেটে ফেলা হয়। প্যারাবন নিধন করে বাঁধ নির্মাণ করার সময় স্থানীয় বনকর্মীরা বাধা দেন। এ সময় বনকর্মীরা ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এর ফলে কিছুদিন বন্ধ থাকলেও এক সপ্তাহ ধরে তারা আবারও রাতের আঁধারে প্যারাবন কেটে ঘেরের বাঁধ নির্মাণ করছে।
স্থানীয় জেমঘাট বিট কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বলেন, প্যারাবন নিধন করে চিংড়িঘেরের বাঁধ নির্মাণের অভিযোগ এনে ইতিমধ্যে অবৈধ দখলদার শুক্কুর আলীসহ ১৫ ব্যক্তির বিরুদ্ধে বন আইনে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। এর পরও প্রভাবশালী লোকজন আবার বাঁধ নির্মাণ করার জন্য নানাভাবে চেষ্টা চালাচ্ছেন।
অভিযোগের বিষয়ে কয়েকবার চেষ্টা করেও শুক্কুর আলীকে পাওয়া যায়নি। তবে তাঁর আত্মীয় জয়নাল আবেদীন জানান, সরকার থেকে ইজারা নিয়ে শুক্কুর আলীসহ ৩০ ব্যক্তি চিংড়ি চাষের জন্য ঘেরের বাঁধ নির্মাণ করছেন। কিন্তু কারণ ছাড়াই বন বিভাগের লোকজন তাঁদের বাধা দিচ্ছেন।
বন বিভাগের মহেশখালীর গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, তথ্য গোপন করে শুক্কুর আলী, মোহাম্মদ নাগু, মোহাম্মদ মাঝিসহ ৩০ ব্যক্তি চলতি বছরের ১৪ জুন ৩০০ একর বনভূমি ইজারা নেন এবং তিন সপ্তাহ আগে ওই জমির ওপর অবৈধভাবে চিংড়িঘেরের জন্য তাঁরা বাঁধ নির্মাণ করছেন। এ জন্য প্যারাবনের প্রায় এক হাজার কেওড়াগাছ নিধন করায় ১০ লাখ ক্ষতি হয়েছে। বনকর্মীদের বাধার মুখে এখন কাজ বন্ধ থাকলেও রাতের আঁধারে বাঁধ নির্মাণ করার জন্য অবৈধ দখলদারেরা চেষ্টা করছে।
সহকারী রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর ইকবাল বলেন, চরণদ্বীপে প্রায় এক হাজার ৫০০ একর প্যারাবন রয়েছে এবং সংরক্ষিত বন ঘোষণা করার জন্য ৬ ধারা ঘোষণা করা হয়েছে। কিন্তু ৬ ধারা জারি করা বনভূমির ওপর ওই চিংড়িঘেরটি নির্মাণ করা হচ্ছে। তাই বনভূমির ওপর ৩০০ একর জমি ইজারা বাতিল করতে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন করা হয়েছে।