৩০০ টাকায় বাদী সেজে সাক্ষ্য, অতঃপর শ্রীঘরে
মাত্র ৩০০ টাকার বিনিময়ে নারী নির্যাতন মামলায় বাদী সেজে সাক্ষ্য দিতে গিয়ে ফেঁসে গেছেন এক পোশাকশ্রমিক। তাঁর নাম আছমা আক্তার (১৮)। পরে আদালত তাঁর বিরুদ্ধে প্রতারণা মামলার নির্দেশ দিলে সেই মামলায় কারাগারে পাঠানো হয় আছমাকে।
গতকাল সোমবার চট্টগ্রামের বিচারিক হাকিম ফারহানা ইয়াছমিনের আদালতে এ ঘটনা ঘটে।
আদালত প্রাঙ্গণে আছমা আক্তার প্রথম আলোকে বলেন, মুছা নামের এক ব্যক্তি তাঁকে কুলছুম আক্তার সেজে সাক্ষ্য দিতে বলেন। বিনিময়ে ৩০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এতেই রাজি হয়ে যান তিনি। পরে বিচারকের সামনে সাক্ষ্য দিতে গেলে ধরা পড়ে যান। বুঝতে পারেননি এটি অন্যায় হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ গত ২১ সেপ্টেম্বর নগরের পাহাড়তলী থানার শাহেদ আলীর মেয়ে কুলছুম আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেন। মামলায় নগরের বায়েজিদ বোস্তামী থানার মোশাররফ হোসেন ও বন্দর থানার কামাল উদ্দিনকে আসামি করেন। অভিযোগে উল্লেখ করেন, আসামিরা তাঁর সঙ্গে মুঠোফোনে পরিচয় হওয়ার পর ৫ সেপ্টেম্বর সীতাকুণ্ডের ইকোপার্কে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন।
ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন মামলাটি। ২৩ সেপ্টেম্বর বিচারিক হাকিম ফারহানা ইয়াছমিন তদন্তের জন্য মামলার বাদীর সাক্ষ্য গ্রহণের দিন করেন। গতকাল ধার্য দিনে বাদী কুলছুম আক্তার সেজে সাক্ষ্য দিতে যান আছমা আক্তার। সাক্ষ্য শুরু হওয়ার পর আছমা আক্তার নিজের নাম ও ঠিকানা সঠিকভাবে বলতে পারেননি। এতে বিচারকের সন্দেহ হয়।
বিচারক তাঁকে জিজ্ঞেস করলে অকপটে বাদী সেজে মিথ্যা সাক্ষ্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি কুলছুম আক্তার সেজে সাক্ষ্য দিতে এসেছেন। চট্টগ্রাম নগরের সাগরিকা গলির একটি পোশাক কারখানায় তিনি চাকরি করেন। এই মামলার বাদী তিনি নন। মামলা সম্পর্কে কিছুই জানেন না। মুছা নামের এক ব্যক্তি তাঁকে এই মামলায় সাক্ষ্য দিতে বলেন। তাঁর কথামতো ৩০০ টাকার জন্য সাক্ষ্য দিতে আসেন।
জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে বলেন, নারী নির্যাতন মামলায় বাদী সেজে আছমা আক্তার নামের এক নারী সাক্ষ্য দিতে এসে ধরা পড়েন আদালতের কাছে। পরে তাঁর বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়। এই মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
উনু মং আরও বলেন, মুছাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তাঁকে পাওয়া গেলে অনেক তথ্য বেরিয়ে আসবে। আছমাকে আসামিপক্ষ পাঠিয়েছে নাকি বাদী হাজির না হয়ে তাঁকে ভাড়া করে পাঠিয়েছেন।