৩০০ মণ জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩০০ মণ জাটকা জব্দ করেছে। এ সময় জাটকা বহনকারী একটি ট্রাক এবং জাটকা পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। গত রোববার রাত ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাটাজোড় এলাকা থেকে জাটকা জব্দ এবং তাঁদের আটক করে কোস্টগার্ড।
গতকাল সোমবার সকাল নয়টায় আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক শীতেষ চন্দ্র সরকার একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং বাকি দুজনকে এক বছর করে কারাদণ্ড দেন।
কোস্টগার্ড বরিশাল কন্টিনজেন্টের কমান্ডার এম আমিনুল হক বলেন, ‘জাটকা জব্দ করে পাচারকাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া জব্দ করা জাটকা নগরের বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও বস্তিবাসীদের মাঝে বিলি করা হয়েছে।’