৩০০ মানুষের চলার পথ বন্ধ করে বাড়ি নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলিত সম্প্রদায়ের লোকজনের চলাচলের পথ বন্ধ করে অবৈধভাবে বাড়ি নির্মাণের কাজ চলছে। ছবিটি সোমবার দুপুরে বরিশাল নগরের ফলপট্টি থেকে তোলা l প্রথম আলো
দলিত সম্প্রদায়ের লোকজনের চলাচলের পথ বন্ধ করে অবৈধভাবে বাড়ি নির্মাণের কাজ চলছে। ছবিটি সোমবার দুপুরে বরিশাল নগরের ফলপট্টি থেকে তোলা l প্রথম আলো

বরিশাল নগরে দলিত সম্প্রদায়ের প্রায় ৩০০ মানুষের চলাচলের পথ বন্ধ করে বাড়ি নির্মাণ করছেন এক ব্যক্তি। এমনকি ওই বাড়ির জন্য সিটি করপোরেশনের কোনো অনুমোদনও নেওয়া হয়নি।
স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাড়ি নির্মাণের কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। সেই সঙ্গে বাড়ির মালিককে ১৩ আগস্ট সাত দিনের মধ্যে অনুমোদিত নকশা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তবে গতকাল বুধবার পর্যন্ত বাড়ি নির্মাণের কোনো নকশা দাখিল করা হয়নি।
বরিশাল নগরের ৯ নম্বর ওয়ার্ডের ফলপট্টি এলাকায় এ ভবনটি নির্মাণ করছেন মো. ইকবাল হোসেন। তাঁর এ ভবনের কারণে হাঁটার পথ হারিয়ে চরম অনিশ্চয়তায় আছেন দলিত সম্প্রদায়ের ৭০টি পরিবারের ৩০০ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, ফলপট্টি এলাকায় দলিত সম্প্রদায়ের মানুষের চলার পথ বন্ধ করে মাটির ওপর গ্রেটবিম টানা হয়েছে। এর ফলে এখনই স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না এখানকার বাসিন্দারা। বর্তমানে একতলার ছাদ দেওয়ার জন্য সেন্টারিংয়ের কাজ চলছে। বাড়ির সম্পূর্ণ কাজ শেষ হলে স্থায়ীভাবেই বন্ধ হয়ে যাবে চলার পথ।
স্থানীয়রা জানান, ইকবাল হোসেন এই পথের দুই দিকে কিছু জমি কিনেছেন। এক মাস আগে তিনি সেখানে বাড়ির নির্মাণকাজ শুরু করেন। চলার পথ রেখে বাড়ি নির্মাণের কাজ শুরু করলেও এখন দেখা যাচ্ছে, কোনো পথই বাকি নেই। এমনকি ভবন নির্মাণের জন্য কোনো অনুমোদনও নেওয়া হয়নি।
এ বিষয়ে সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের নকশা সহকারী মো. লোকমান হোসেন জানান, ইকবাল হোসেন নামে কোনো ব্যক্তির নামে নকশা অনুমোদন হয়নি। এমনকি এই নামে নকশার জন্য কোনো আবেদনও করা হয়নি।
দলিত সম্প্রদায়ের সদস্য উপেন দাস (৭০) বলেন, প্রায় ২০০ বছরেরও বেশি সময় ধরে এখানে বসবাস করছেন তাঁরা। কোনো দিন রাস্তা বন্ধ হয়নি। এখন একজনের বাড়ি নির্মাণ করতে গিয়ে তাঁদের সবার চলার পথই বন্ধ করে দেওয়া হচ্ছে।
বাড়ির মালিক ইকবাল হোসেন বলেন, ‘দলিত সম্প্রদায়ের সঙ্গে ভুল-বোঝাবুঝি হয়েছে। ওরা ভাবছে যে চলাচলের পথ বন্ধ করা হবে। আমি কাজ বন্ধ রেখেছি। নকশার জন্য আবেদন করা হয়েছে। দু-এক দিনের মধ্যে নকশা অনুমোদন হয়ে যাবে।’
রাস্তা দখলমুক্ত ও অবৈধভাবে বাড়ি নির্মাণের কাজ বন্ধ রাখার জন্য ১২ আগস্ট সিটি করপোরেশনের মেয়র বরাবর সম্প্রদায়ের পক্ষ থেকে আবেদন করা হয়। এরপর সড়ক পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান সরেজমিনে পরিদর্শনে যান। তখন তিনি অনুমোদিত নকশা (প্ল্যান) দেখতে চাইলে ইকবাল হোসেন তা দেখাতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে ১৩ আগস্ট প্রধান নির্বাহী কর্মকর্তা কাজ বন্ধ রেখে সাত দিনের মধ্যে অনুমোদিত নকশা দাখিলের নির্দেশ দেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমার দাস বলেন, চলাচলের পথ বন্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, করপোরেশন থেকে কখনো চলাচলের পথ বন্ধ করে ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় না।