
নওগাঁর আত্রাই উপজেলার মির্জাপুর নামক স্থানে আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়কের প্রায় ৩০০ মিটার এলাকা দায়সারাভাবে মেরামতের অভিযোগ পাওয়া গেছে। এ কারণে গত বছর বন্যায় ভেঙে যাওয়া ওই অংশ আবারও ধসে যাওয়ার আশঙ্কা এলাকাবাসীর।
এলাকাবাসী বলেন, আত্রাইয়ের ভবানীপুর, মির্জাপুর, রসুলপুর ও হাটকালুপাড়া এলাকায় আত্রাই নদ ও ছোট যমুনা নদীর মোহনা। প্রতিবছর বর্ষায় এ দুই নদ-নদীতে পানি বৃদ্ধি পেলে তা ভয়ংকর আকার ধারণ করে।
গত বছরের ২৩ আগস্ট ভোরে বন্যায় আত্রাইয়ের মির্জাপুর নামক স্থানে আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়ক ভেঙে আত্রাই ও রানীনগর উপজেলার প্রায় ১৪ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যায়। কয়েক শ পরিবার পানিবন্দী হয়ে পড়ে। প্রায় দুই মাস পরে বন্যার পানি নেমে যায়। বন্যার পানি শুকিয়ে যাওয়ার নয় মাস পর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ভাঙা স্থানটি মেরামতের জন্য ৬৫ লাখ টাকা বরাদ্দ দেয়।
সড়কটির দুপাশে ব্লক স্থাপন ও স্লুইসগেট নির্মাণের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। কিন্তু সওজ বিভাগ ব্লক ও স্লুইসগেট নির্মাণ না করে তড়িঘড়ি করে শুধু মাটি কেটে রাস্তার নির্মাণকাজ শেষ করে।
মির্জাপুর গ্রামের জাহিদ হাসান বলেন, ভাঙনের আগে সড়ক যে উচ্চতায় ছিল, তার চেয়ে এ বছর অনেক নিচু করে নির্মাণ করা হয়েছে। এ ছাড়া সড়কের একেবারে কাছ থেকে মাটি কেটে মেরামত করা হয়েছে। এতে সামান্য পানিতে সড়কটি ধসে যেতে পারে।
ভবানীপুর গ্রামের আবুল কালাম বলেন, সড়কটি সোজা না করে পানির চাপের দিকে বাঁকা করে মেরামত করা হয়েছে। ফলে এটি পানির চাপ সহ্য করতে পারবে না। কয়েক দিন আগে সামান্য বৃষ্টিতে সড়কের কিছু অংশ ধসে গেছে। এ বছরও বন্যায় যেকোনো সময় এটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
নওগাঁ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক বলেন, সেখানে একটি স্লুইসগেট নির্মাণ ও রাস্তার দুই পাশে ব্লক দেওয়ার জন্য নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আর বন্যার পানির বেশি চাপ হলে কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয় না।