৩০২টি আগ্নেয়াস্ত্রের ভুয়া লাইসেন্স দিয়েছিলেন শামসুল, ৫৫টি জব্দ
রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শামসুল ইসলাম নামে এক কর্মচারীর দেওয়া ৩০২টি আগ্নেয়াস্ত্রের ভুয়া লাইসেন্সের মধ্যে ৫৫টি আগ্নেয়াস্ত্র ও ৬১৩টি কার্তুজ জব্দ করেছে দুদক।
গতকাল বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মামলার তদন্ত কর্মকর্তা রংপুর দুদকের সহকারী পরিচালক আতিকুর রহমান।
জুডিশিয়াল মুনশিখানা (জেএম) শাখার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শামসুল ইসলাম অবৈধভাবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তার হওয়া শামসুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, যাঁরা তাঁর কাছ থেকে লাইসেন্স নিয়েছিলেন, তাঁদের প্রত্যেককে ২ আগস্ট থেকে নোটিশ দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে লাইসেন্সধারীরা তাঁদের অস্ত্র জমা দিচ্ছেন। শামসুল বর্তমানে রংপুর কারাগারে আছেন।
শামসুল ইসলাম রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুনশিখানা (জেএম) শাখায় ২০০৩ সালের ২ ডিসেম্বর থেকে ২০০৮ সালের ৬ জুলাই এবং ২০১১ সালের ১৭ মে থেকে চলতি বছরের ১৭ মে পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সই জাল করে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
প্রসঙ্গত, গত ১৭ মে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এবং শামসুল ইসলামের অনুপস্থিতিতে তাঁর কক্ষের আলমারির তালা ভেঙে সেখান থেকে নগদ ৭ লাখ ১০০ টাকা, তাঁর নামে ১১ লাখ টাকার দুটি এফডিআর এবং ২ লাখ টাকার সঞ্চয়পত্র উদ্ধার করেন। সেই সঙ্গে বিভিন্ন ব্যক্তির নামে ইস্যু করা ১৫টি আগ্নেয়াস্ত্রের অবৈধ লাইসেন্সও জব্দ করা হয়।
এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অমূল্য চন্দ্র রায় বাদী হয়ে পরের দিন ১৮ মে কোতোয়ালি থানায় মামলা করেন। এর পরের দিন জেলা প্রশাসক তাঁকে সাময়িক বরখাস্ত করেন।