নাটোরের গুরুদাসপুরে পরিবহনের সময় ৩০৫ বস্তা চাল আত্মসাতের অভিযোগে ট্রাকমালিক, চালকসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। নাটোরের আমলি আদালতে গত বৃহস্পতিবার চাল ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন এ মামলা করেন।
আসামিরা হলেন ট্রাকমালিক গিয়াস উদ্দিন (৫৫), চালক মো. সোহেল (২৫) ও চালকের সহকারী ফজলু হোসেন (২৪)। বাদীপক্ষের আইনজীবী মো. লোকমান হোসেন বলেন, অভিযোগ তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।
আরজি সূত্রে জানা গেছে, মোয়াজ্জেম হোসেন গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারে দীর্ঘদিন ধরে চাল, গমসহ রবিশস্যের ব্যবসা করছেন। তাঁর প্রতিষ্ঠানের নাম মেসার্স শান্ত ট্রেডার্স। ৬ ফেব্রুয়ারি তিনি গোডাউন থেকে গিয়াস উদ্দিনের ট্রাকে করে ৩০৫ বস্তা মিনিকেট চাল মানিকগঞ্জে পাঠান, যার দাম ৬ লাখ ৮৩ হাজার টাকা। মানিকগঞ্জের পাড়াগ্রাম হাটের ব্যবসায়ী আলাউদ্দিনের কাছে এসব চাল পাঠানো হয়েছিল। কিন্তু বস্তাগুলো গন্তব্যে পৌঁছায়নি। আলাউদ্দিন মুঠোফোনে জানিয়েছেন, ওই ট্রাক থেকে তিনি চাল পাননি।
মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, ‘চালের বস্তাগুলো সময়মতো গন্তব্যে না পৌঁছায় ট্রাকের মালিককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিলাম। তিনি ট্রাক নষ্ট হওয়াসহ নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করেন।’ বিষয়টি উপজেলা চালকল মালিক সমিতি ও পরে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েও তিনি প্রতিকার পাননি। এর আগেও ট্রাকমালিক গিয়াস উদ্দিনের বিরুদ্ধে দুই ট্রাক চাল চুরির অভিযোগ রয়েছে।
গিয়াস উদ্দিন দাবি করেন, গন্তব্যে যাওয়ার পথে চালক ও তাঁর সহকারীকে অচেতন করে একটি চক্র চালসহ ট্রাকটি নিয়ে গেছে। এ বিষয়ে সাভার মডেল থানায় ১০ ফেব্রুয়ারি একটি মামলা করা হয়েছে (মামলা নম্বর ১৪)।
গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস গতকাল বলেন, চাল চুরির বিষয়ে আদালতের নির্দেশনার কপি তিনি হাতে পাননি। থানায় মামলা না নেওয়ার কারণ জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।