৩০৬ দখলদার চিহ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কীর্তনখোলা নদীর তীর দখল করে বালু রাখা হচ্ছে। বরিশাল নগরের বিএডিসি গোডাউন এলাকার চিত্র l ছবি: প্রথম আলো
কীর্তনখোলা নদীর তীর দখল করে বালু রাখা হচ্ছে। বরিশাল নগরের বিএডিসি গোডাউন এলাকার চিত্র l ছবি: প্রথম আলো

ভরাট ও দখল হয়ে যাচ্ছে বরিশালের কীর্তনখোলা নদী। নগরের প্রায় আট কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা রয়েছে পাঁচ শতাধিক। এর মধ্যে বরিশাল নৌবন্দর এলাকার সাড়ে তিন কিলোমিটারে ৩০৬ অবৈধ দখলদার চিহ্নিত করেছে বিআইডব্লিউটিএ।
নগরের বেলতলা পানি শোধনাগার থেকে দপদপিয়া খেয়াঘাট পর্যন্ত কীর্তনখোলা নদীর প্রায় আট কিলোমিটারজুড়ে অবৈধ দখলদার রয়েছে। বিআইডব্লিউটিএর দাবি, দখল উচ্ছেদে জেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, নদী ভরাট করে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনা নির্মাণ করা হয়েছে। শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু এলাকায় নদী ঘেঁষে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ইট রেখে ব্যবসা করছে। ধান গবেষণা সড়কে নদীর চরে দুটি প্রতিষ্ঠান স্থায়ী স্থাপনা নির্মাণ করেছে। পাশেই আরও দুটি প্রতিষ্ঠান ইটভাটা দিয়ে ব্যবসা চালাচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশালের যুগ্ম পরিচালক ও বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, নগরের আমানতগঞ্জ খাল থেকে সিএসডি গোডাউন (বধ্যভূমি) এলাকা পর্যন্ত ৩ দশমিক ৫৭ কিলোমিটার নদীর তীরে ৩০৬ অবৈধ দখলদার চিহ্নিত করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব বলেন, কীর্তনখোল নদীর তীরের কোনো জায়গাই ব্যক্তিমালিকানায় হতে পারে না। ওই সব জমি ইজারাও দেওয়া হয়নি। যাঁরা স্থাপনা নির্মাণ কিংবা ব্যবসা করছেন, তাঁরা সবাই অবৈধভাবে আছেন। অবৈধ দখলদারদের একটা তালিকা আছে। নদীরক্ষা কমিশন, বিআইডব্লিউটিএ এবং জেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে ওই সব স্থাপনা উচ্ছেদ করবে।