খাগড়াছড়ির ৩১টি ইটভাটায় অবাধে কাঠ পোড়ানো হচ্ছে। কোনো কোনো ইটভাটায় ব্যবহৃত হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকারক ড্রাম চিমনি।
গত বুধবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকার দুটি, বাইল্যাছড়ির একটি, নতুনপাড়ার দুটি ও ১০ নম্বর এলাকায় একটি ইটভাটা ঘুরে দেখা যায়, প্রতিটি ইটভাটা জনবসতির আশপাশে গড়ে তোলা হয়েছে। ভাটাগুলোতে কাঠ পোড়ানো হচ্ছে। এ ছাড়া ব্যবহার করা হচ্ছে ড্রাম চিমনি।
বাইল্যাছড়ি এলাকার জুরিচন্দ্র কার্বারিপাড়ার কেসিবি ইটভাটার শ্রমিক সুরুজ মিয়া বলেন, গত দুই-আড়াই মাস ধরে ইটভাটায় কাজ চলছে। শুরু থেকেই কাঠ পোড়ানো হচ্ছে।
কাঠ পোড়ানো সম্পর্কে বক্তব্য জানতে কোনো ইটভাটার মালিককে পাওয়া যায়নি।
খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সদস্য জহুরুল ইসলাম বলেন, পাহাড়ি এলাকায় কয়লা পরিবহনের খরচ সমতলের চেয়ে চার-পাঁচ গুণ বেশি। ইটভাটার মালিকেরা কয়লার ডিপো স্থাপন ও কয়লার নিশ্চয়তার দাবি করেছিলেন। কিন্তু প্রশাসন সেই নিশ্চয়তা দিতে পারেনি। আর খাগড়াছড়িতে ইট প্রস্তুত না হলে জেলার উন্নয়নকাজই বন্ধ হয়ে যাবে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন সম্পর্কে জেলা ও উপজেলা পর্যায়ে বহুবার উদ্বুদ্ধকরণ সভা হয়েছে। এর পরও যদি কোনো ইটভাটার মালিক আইন লঙ্ঘন করেন, তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, শিগগিরই কাঠ পোড়ানো ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, জেলায় ৩১টি ইটভাটা আছে। কিন্তু একটি ইটভাটারও লাইসেন্স নবায়ন করা হয়নি।