৩১ এইচএসসি পরীক্ষার্থীর শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হওয়া ৩১ পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। শিক্ষা বোর্ডের শৃঙ্খলা কমিটির ২৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে গত রোববার এক নোটিশে জানানো হয়।
বোর্ড সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার অধ্যাদেশ অনুযায়ী, অপরাধের ধরন ও প্রকৃতি অনুসারে দোষী পরীক্ষার্থীদের ‘ক’ ও ‘খ’ শ্রেণিতে ভাগ করে শাস্তি নির্ধারণ করা হয়। এতে ‘ক’ শ্রেণির অপরাধভুক্ত পরীক্ষার্থীদের এক বছর এবং ‘খ’ শ্রেণির অপরাধভুক্ত শিক্ষার্থীদের আগামী দুই বছর পরীক্ষা বাতিল করা হয়। শাস্তির আওতায় ‘ক’ শ্রেণিতে ৩০ জন এবং ‘খ’ শ্রেণিতে একজন শিক্ষার্থী রয়েছে। একই সঙ্গে সভায় কয়েকটি কেন্দ্র ও কেন্দ্রসচিব পরিবর্তনের সিদ্ধান্তও নেওয়া হয়।
পাশাপাশি বহিষ্কারের পরে দেওয়া প্রতিবেদন স্পষ্ট না হওয়ায় তিনটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার এবং পরীক্ষার উত্তরপত্রে দুই রকমের হাতের লেখা থাকার বিষয়ে এক পরীক্ষার্থীর ফলাফল স্থগিত ও তা তদন্ত করারও সিদ্ধান্ত হয় শৃঙ্খলা কমিটির সভায়।
বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক লিয়াকত জুয়েল গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘অপরাধের ধরন বিবেচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’