৩১ ওষুধের দোকানকে ৫৪ লাখ টাকা জরিমানা
বিক্রি নিষিদ্ধ সরকারি ওষুধ, মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও নকল ওষুধ বিক্রির দায়ে গতকাল সোমবার চট্টগ্রাম নগরের হাজারী গলির ৩১টি দোকানকে মোট ৫৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় ওষুধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে একটি প্রতিষ্ঠানের দুজন কর্মচারীকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দুটি ওষুধের দোকান ও দুটি গুদাম সিলগালা করে দেওয়া হয়। অভিযান চলাকালে দোকান খোলা রেখেই পালিয়ে গেছেন এক ব্যবসায়ী।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গতকালই সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি বলেন, ‘আমার জানামতে, আগে কখনো এই পরিমাণ অর্থ জরিমানা করা হয়নি।’
র্যাব সূত্র জানায়, অভিযানে সুফা অ্যান্ড সন্স নামের একটি দোকানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ পাওয়া যাওয়ায় দোকানটি ও এর দুটি গুদাম সিলগালা করে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির দুজন কর্মচারী ঝুলন চৌধুরী ও রাজা মিয়াকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে চট্টলা এন্টারপ্রাইজের মালিক দোকান খোলা রেখেই পালিয়ে যান। এই দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিক্রি নিষিদ্ধ সরকারি ওষুধ পাওয়া গেছে।
সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, চট্টলা এন্টারপ্রাইজের দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে। সরকারি ওষুধ বিক্রি করায় দোকানমালিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।
এদিকে নগরের কাজীর দেউড়ি বাজারে চট্টগ্রাম জেলা প্রশাসন অভিযান চালিয়ে ত্রুটিযুক্ত সাতটি ডিজিটাল ওজন মাপার মেশিন জব্দ করে। এ ছাড়া মেশিনে ত্রুটি থাকায় এক মুরগি বিক্রেতাকে অর্থদণ্ড দেওয়া হয়। গতকাল দুপুরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ও নূর আলম। অভিযানে সহায়তা করেন আনসার, বিএসটিআই ও ক্যাবের প্রতিনিধিরা।
জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে গরু ও খাসির মাংস, মাছ, মুরগি, সবজি ও ফল বিক্রেতাদের দোকানে ব্যবহৃত ৩০টি ডিজিটাল ওজন মাপার মেশিন এবং বাটখারা পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, অর্ধেক মেশিনেই ত্রুটি রয়েছে।