বরিশালের সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদকের বিরুদ্ধে স্নাতক (পাস) প্রথম বর্ষের ৩১ জন পরীক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণ বাবদ প্রায় ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
ওই ছাত্রনেতার নাম ইব্রাহিম বাবু। তিনি কলেজটির হিসাব সহকারী আজাহার আলী সরদারের সই জাল করে শিক্ষার্থীদের ফরম দিয়ে টাকা আত্মসাৎ করেন। এতে ওই শিক্ষার্থীদের পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।
কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থী সূত্র জানায়, গত ২৪ নভেম্বর কলেজটিতে স্নাতক (পাস) প্রথম বর্ষের পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। গত রোববার এর শেষ দিন ছিল। এর মধ্যে শিক্ষার্থীদের হিসাব সহকারী আজাহার আলী সরদারের কাছে ফরম পূরণের টাকা জমা দেওয়ার কথা। এরপর পরীক্ষা কমিটির সদস্য প্রভাষক মনির হোসেনের কাছ থেকে শিক্ষার্থীদের অনলাইনে নিশ্চয়ন ফরম সংগ্রহ করার কথা।
আজাহার আলী বলেন, ‘আমি ৫১৭ জন শিক্ষার্থীর ফরম পূরণ বাবদ টাকা নিয়ে অনলাইন নিশ্চয়নের দায়িত্বে নিয়োজিত মনির হোসেন স্যারের কাছে পাঠাই। কিন্তু মনির স্যারের কাছে ৫৪৬ জন শিক্ষার্থী নিশ্চয়ন করতে যান। এ সময় ক্যাশের অমিল থাকায় ওই ছাত্রনেতার জালিয়াতি ধরা পড়ে।’
একাধিক অফিস সহকারী জানান, জমা হওয়া ফরম পরীক্ষা করে দেখা যায়, আজাহারের সই জাল করে ফরম পূরণ করে জাল রসিদ দিয়ে ৩১ জন শিক্ষার্থী ফরম জমা দেন। পরে ওই শিক্ষার্থীদের তলব করলে জালিয়াতির রহস্য ফাঁস হয়ে যায়।
ফারজানা আকতার, রুবী খানম ও সাগর সরকারসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, কলেজ ছাত্রলীগের নেতা ও ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক ইব্রাহিম বাবু ফরম পূরণের টাকা নিয়ে তাঁদের ফরম দেন। সেই টাকা তিনি কলেজের ক্যাশে জমা না দিয়ে নকল রসিদের মাধ্যমে আত্মসাৎ করবেন—এ ধারণা ছিল না। ফরম পূরণের সময়সীমা পার হয়ে গেছে। এখন তাঁরা পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
অন্তরা মণ্ডল নামের একজন শিক্ষার্থী বলেন, কম টাকায় ফরম পূরণের জন্য তিনি ইব্রাহিম বাবুর কাছে যান। ইব্রাহিম তাঁর কাছ থেকে ২ হাজার ৯৮৫ টাকা নিয়ে রসিদ দিয়ে ফরম পূরণ করে দেন। ওই রসিদ যে জাল তা জানা ছিল না।
শিক্ষার্থী বৃষ্টি ব্যাপারী বলেন, ‘ইব্রাহিমের কাছে ২ হাজার ৯৮৫ টাকা দিয়ে পরম পূরণ করেছি। তিনি যে জালিয়াতি করে বিপদে ফেলবেন, বুঝতে পারিনি।’
ইব্রাহিম বাবু বলেন, ‘এসব অভিযোগ সত্য নয়। আমার বিরুদ্ধে কতিপয় লোকজন অপপ্রচার করছেন।’
ছাত্র সংসদের সহসভাপতি ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন মাহমুদ বলেন, ছাত্রলীগ ও ছাত্র সংসদের নাম ভাঙিয়ে অপকর্ম করে কেউই পার পাবেন না। অন্যায়কারী যে হোক, তাঁর বিচার হবে।
এ ব্যাপারে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, আগামী দুই দিনের মধ্যে টাকা ফেরত দিতে বলা হয়েছে। অন্যথায় এর জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।