৩১টি পেট্রলবোমাসহ আটক ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পৃথক অভিযানে ৩১টি পেট্রলবোমাসহ ১৩ জনকে আটক করা হয়েছে। বিজিবি ও পুলিশ নগরের টাইগারপাস এলাকা ও হাটহাজারী উপজেলা থেকে তাঁদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন শিবিরের নেতা-কর্মী।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, ২২টি পেট্রলবোমা, ২টি ককটেল, ১২০টি চকলেট বোমাসহ শিবিরের সাত নেতা-কর্মীকে হাটহাজারী পৌর এলাকা থেকে আটক করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল জানান, সোমবার হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকা থেকে হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি ওমর ফারুককে আটক করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাতে সদর এলাকার মেখল সড়কের কয়েকটি ভবনে অভিযান চালিয়ে পেট্রলবোমাসহ বাকি ছয়জনকে আটক করা হয়। তাঁরা হলেন মাইনুদ্দিন (২৪), সুজাত হোসেন (২৩), মাহমুদুল হাসান (২৪), আবদুল মালেক (১৯), খায়রুল আমিন (২৩) ও নজরুল ইসলাম (২১)। তাঁদের মধ্যে নজরুল, সুজাত ও মাহমুদুল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে সোমবার রাত ১২টার দিকে চট্টগ্রামের টাইগারপাস রেলওয়ে কলোনির পাশের একটি বস্তিঘর থেকে নয়টি পেট্রলবোমা, ধারালো অস্ত্র, বিভিন্ন সরঞ্জামসহ ছয়জনকে আটক করেছে বিজিবি।
সূত্র জানায়, ওই বস্তিঘর থেকে নয়টি পেট্রলবোমা ছাড়াও দুটি ককটেল, নয়টি কিরিচ ও নয়টি লোহার পাইপ উদ্ধার করা হয়। সেখান থেকে আটক ব্যক্তিরা হলেন মো. জাহাঙ্গীর আলম, ওসমান গণি, আবুল কালাম, হারুন মিয়া, শরিফ খান ও মো. মুন্না।
বিজিবির দক্ষিণ-পূর্ব অঞ্চলের অতিরিক্ত পরিচালক মেজর সাব্বির আহমেদ ও মেজর তানভীর মাহমুদ অভিযানে নেতৃত্ব দেন।
আটক ব্যক্তিদের খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে। খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলায়মান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।