৩২ কোটি টাকার কাজ ভাগাভাগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকাদারদের দরপত্র জমা দিতে আওয়ামী লীগ নেতার বাধা, যুবলীগ-ছাত্রলীগের ক্যাডারদের হুমকি এবং চাপের মুখে দরপত্র প্রত্যাহার—যশোর পৌরসভার নগরাঞ্চল উন্নয়ন প্রকল্পের ৩২ কোটি টাকার কাজ এভাবে ভাগাভাগি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে তিন গ্রুপের এ কাজের দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত বুধবার বেলা একটা। ঠিকাদারেরা অভিযোগ করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু এ সময় পৌরসভায় নিজে উপস্থিত থেকে দরপত্র জমা না দেওয়ার জন্য সরকারপন্থী হিসেবে পরিচিত ঠিকাদারদের অনুরোধ করেন। এ ছাড়া অন্য ঠিকাদারদের হুমকি দিয়ে দরপত্র বাক্সে ফেলতে বাধার সৃষ্টি করেন যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা। আর দাখিলের পর আওয়ামী লীগের নেতাদের চাপের মুখে দরপত্র প্রত্যাহার করে নেন চার ঠিকাদার।
পৌরসভা সূত্রে জানা গেছে, যশোর শহরের নর্দমা, ফুটপাতসহ সড়ক নির্মাণের তিন গ্রুপের কাজের জন্য ২২ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করা হয়। ২৮ অক্টোবর ছিল শিডিউল কেনার শেষ দিন। ২৯ অক্টোবর বেলা একটা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়। এই সময়ের মধ্যে দরপত্রের ৮৭টি শিডিউল বিক্রি হলেও জমা পড়ে মাত্র ১৫টি। এর মধ্যে আবার চারটি প্রত্যাহার করে নেন সংশ্লিষ্ট ঠিকাদারেরা।
দরপত্র প্রত্যাহার করা একজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু নিজে পৌরসভা চত্বরে দাঁড়িয়ে থেকে দরপত্র জমা দিতে বাধা দিয়েছেন। এ ছাড়া তাঁর অনুরোধে আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কয়েকজন ঠিকাদার জমা দেওয়া দরপত্রও প্রত্যাহার করতে বাধ্য হন।
পৌরসভা সূত্র জানায়, প্রথম গ্রুপের ১১ কোটি ৬০ লাখ টাকার কাজের সর্বনিম্ন দরদাতা যশোরের কপোতাক্ষ এন্টারপ্রাইজ। দ্বিতীয় গ্রুপের ১০ কোটি ৯২ লাখ টাকার কাজের ঢাকার শহিদ অ্যান্ড ব্রাদার্স এবং তৃতীয় গ্রুপের নয় কোটি ৬০ লাখ টাকার কাজের সর্বনিম্ন দরদাতা হচ্ছে যশোরের কেই-এমএসসি জেভি।
এর মধ্যে কপোতাক্ষ এন্টারপ্রাইজের মালিক যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ওরফে রেন্টু চাকলাদার। অপর দুটি প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা করেছেন আওয়ামী লীগ নেতা আলী রেজা রাজু।
ঠিকাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দরপত্র জমা দেওয়ার আগের দিন আলী রেজার বাড়িতে বসে দরপত্রের ব্যাপারে সমঝোতা হয়। সেখানে আওয়ামী লীগের দুই পক্ষের লোকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
তবে অভিযোগ অস্বীকার করে আলী রেজা রাজু প্রথম আলোকে বলেন, ‘আমি বাধা দেব কেন? টেন্ডারবাজি করার সেই বয়স কি আমার আছে? বড় কাজের টেন্ডারে এমনই হয়। কিছু লোক মিলে যদি সমঝোতা করে কাজ করে তাহলে ক্ষতি কী?’
যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম জানান, দরপত্র দাখিলের সময় পৌর দপ্তরে পুলিশ উপস্থিত ছিল। এডিবির প্রতিনিধিও ছিলেন। সেখানে দরপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে বলে জানা যায়নি। তবে বাইরে কিছু হয়ে থাকলে তা তিনি জানেন না।