৩২ বছর আগের হত্যা মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
৩২ বছর আগে পুরান ঢাকায় বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় সীমা মোহাম্মদী নামের ২০ বছরের এক নারীকে। মামলাটির নিষ্পত্তি হয়নি এখনো। মামলার বাদী সীমার মা–ও মারা গেছেন। মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সীমা হত্যা মামলার বিচারে দীর্ঘসূত্রতা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আনা হলে শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দেন।
প্রকাশিত প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। শুনানিতে তিনি বলেন, ৩২ বছরে মামলাটির বিচার শেষ হয়নি। মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সে জন্য নির্দেশনার আরজি জানান তিনি।
শুনানির একপর্যায়ে আদালত বলেন, ‘অনেক নির্দেশনা মানে না কেউ। নির্দেশনা প্রতিপালনও করে না। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কয়েক দফা নির্দেশনাসহ রায়ও আছে। এসব প্রতিপালন করে না। আদেশ দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা মাইন্ডও করে। ৩২ বছরে মামলা কেন শেষ হবে না ? এসব কি দেখার কোনো দায়িত্ব নেই?’
শুনানি নিয়ে আদালত নির্দেশনা দিয়ে আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।
পরে আইনজীবী ইশরাত হাসান প্রথম আলোকে বলেন, হাইকোর্ট মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছেন। নিষ্পত্তি করে হাইকোর্টে প্রতিবেদন দিতেও বলা হয়েছে। যে চিকিৎসক সাক্ষীর জন্য মামলাটি আটকে আছে, তাঁর সাক্ষ্য না পাওয়া গেলে অন্যান্য ডকুমেন্টের ভিত্তিতে মামলাটি নিষ্পত্তি করতে বলা হয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হলে বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে ৬ অক্টোবর ‘৩২ বছর ঝুলে আছে সীমা হত্যার বিচার’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে জানা যায়, পুরান ঢাকার জগন্নাথ সাহা রোডে ১৯৮৮ সালের ২৬ এপ্রিল খুন হন সীমা মোহাম্মদী (২০)। বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করে সীমাকে হত্যা করেন মোহাম্মদ আহমদ ওরফে আমিন নামের এক যুবক। এরপর ওই যুবকের বিরুদ্ধে লালবাগ থানায় হত্যা মামলা করেন সীমার মা ইজহার মোহাম্মদী। পরবর্তী সময়ে মামলার তদন্তে উঠে আসে সীমাকে বিয়ে করতে না পেরে মোহাম্মদ হত্যাকাণ্ড ঘটান। ২০০১ সালের ২৯ এপ্রিল ওই মামলায় অভিযোগ গঠন করা হয়।
প্রতিবেদনের তথ্য, সাক্ষ্য গ্রহণের এ পর্যন্ত ১১২ বার তারিখ পড়েছে। ১১ জন বিচারক বদল হয়েছেন। মামলার একমাত্র আসামি মোহাম্মদ আহমদ ওরফে আমিন পলাতক।
ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলাটি এখনো সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে বলে জানান আইনজীবী ইশরাত হাসান।