৩৩টি পেট্রলবোমা উদ্ধার ২৩ দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবদুর রব ছাত্রাবাস থেকে গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়েছে ১৯টি পেট্রলবোমা, পাঁচটি ককটেল, চারটি চকলেটবোমা, গানপাউডার, লাঠিসহ বিভিন্ন ধারালো অস্ত্র। ছাত্রাবাসটি ছাত্রশিবিরনিয়ন্ত্রিত বলে অভিযোগ আছে। এ নিয়ে গত ২৩ দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ৩৩টি পেট্রলবোমা, ৩৩টি ককটেলসহ ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে।
গত ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ছাত্রাবাস থেকে উদ্ধার করা হয় ১৩টি পেট্রলবোমা ও একটি ককটেল। ওই দিন ক্যাম্পাসে শিবির-ছাত্রলীগ গুলিবিনিময়ের ঘটনা ঘটে। সর্বশেষ ১৪ সেপ্টেম্বর এফ রহমান ছাত্রাবাসের পেছনের পাহাড়ের ঝোপ থেকে উদ্ধার করা হয় ২১টি ককটেল।
১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বাসে ককটেল হামলা চালানো হয়। এতে আহত হন ১২ জন শিক্ষকসহ অন্তত ১৪ জন। সেদিন রাতে ক্যাম্পাসের ভেতরে শিবিরনিয়ন্ত্রিত একটি মেস থেকে ছয়টি ককটেল, পাঁচটি রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এরপর গত ছয় দিনে বিশ্ববিদ্যালয়ে শিবিরনিয়ন্ত্রিত বিভিন্ন মেস ও ভবন থেকে উদ্ধার করা হয় একটি পেট্রলবোমা, গানপাউডার, ধারালো অস্ত্র, রডসহ বিভিন্ন জিহাদি বই।
আবদুর রব ছাত্রাবাসে পুলিশের তল্লাশি অভিযানের নেতৃত্বে ছিলেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন। গতকাল রাত আটটার দিকে তিনি প্রথম আলোকে বলেন, শিক্ষকবাসে হামলার ঘটনায় জড়িত শিবিরের কর্মীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে ক্যাম্পাসে নিয়মিত অভিযান চলছে। এর অংশ হিসেবে আকস্মিকভাবে এ তল্লাশি চালানো হয়। বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আবদুর রব ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বিভিন্ন কক্ষ থেকে এসব বোমা ও অস্ত্র উদ্ধার করা হয়। এরপর শিবিরনিয়ন্ত্রিত আলাওল ছাত্রাবাসেও তল্লাশি চালায় পুলিশ। বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া এ অভিযান চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। অভিযানে দুটি চাপাতি, বেশ কিছু লাঠিসোঁটা উদ্ধার করে পুলিশ।
এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে রড, লাঠিসহ শিবিরের বিপুল পরিমাণ বই উদ্ধার করে পুলিশ।
এসব অভিযানের বিষয়ে হাটহাজারী থানার ওসি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্ত্রমুক্ত না করা পর্যন্ত পুলিশের অভিযান চলবে।
অভিযানে পুলিশের সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ অহিদুল বলেন, এসব ঘটনায় কাউকে আটক করা হয়নি।
এদিকে গত সোমবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এফ রহমান ছাত্রাবাসে পুলিশ তল্লাশি চালায়। এ সময় একটি রামদা, কয়েকটি কিরিচ, রড, লাঠিসহ শিবিরের সাংগঠনিক বই উদ্ধার করে পুলিশ। এ সময় শিবির সন্দেহে দুই শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
সাংবাদিক পেটানোর অভিযোগ: এদিকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দৈনিক পূর্বদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবদুল্লাহ আল ফারুক পুলিশের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের আলাওল ছাত্রাবাসে তল্লাশির সময় এ ঘটনা ঘটে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর মাথায় ও কানে আঘাত লেগেছে।
ফারুক বলেন, ‘আলাওল ছাত্রাবাসে তল্লাশির সময় ঘটনাস্থলে ছিলাম। হঠাৎ হাটহাজারী থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাক “এখানে কী” বলেই লাঠি নিয়ে মারতে থাকেন। পরিচয় দেওয়ার পরও তিনি থামেননি। একপর্যায়ে পুলিশের গাড়িতে তোলার জন্য টানাহেঁচড়া করতে থাকেন।’
এ ব্যাপারে হাটহাজারী থানার ওসি ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি বিষয়টি শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশ সদস্যদের থামিয়েছি এবং ধমক দিয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করেছি।’
মারধরে জড়িত পুলিশের উপপরিদর্শক আবদুর রাজ্জাকের শাস্তির দাবি করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
শিক্ষকদের কর্মবিরতি শেষ নতুন কর্মসূচি আসছে আজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকবাসে হামলার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক ঘণ্টার কর্মবিরতি গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। ১৩ সেপ্টেম্বর থেকে প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন শিক্ষকেরা।
এদিকে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সমিতির জরুরি বৈঠকে নতুন কর্মসূচি ঘোষিত হবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘আমাদের এক ঘণ্টার কর্মবিরতি শেষ হয়েছে। বুধবার সমিতির জরুরি বৈঠকে আমরা কর্মসূচি মূল্যায়ন করব এবং শিক্ষকদের মতামত নেব। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করব।’