কক্সবাজারের টেকনাফে পাঁচ সাংবাদিককে কুপিয়ে জখমের দুই দিন পর গতকাল রোববার সন্ধ্যায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ওরফে ভুট্টোকে। হামলার পর গতকাল সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
হামলায় আহত ইনডিপেনডেন্ট টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
গত শুক্রবার বিকেলে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইয়াবা ব্যবসায়ীদের হামলার শিকার হন বেসরকারি তিনটি টেলিভিশনের পাঁচজন সংবাদকর্মী। হামলাকারীরা তাঁদের ভিডিও ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যান। এ ছাড়া সাংবাদিকদের বহনকারী মাইক্রোবাসেও ভাঙচুর চালানো হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদের ধরতে অভিযান চলছে।