৩৪ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ যুবক আটক
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ শুশংকর মল্লিক (২৭) নামের এক যুবককে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্র থেকে জানা যায়, গতকাল রাতে মালয়েশিয়াগামী এমএইচ-১৯৭ ফ্লাইটের যাত্রী মল্লিককে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় চ্যালেঞ্জ করেন গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় তাঁর শরীর ও ব্যাগে তল্লাশি চালানো হয়। তাঁর ব্যাগ ও জুতায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। যার মূল্যমান বাংলাদেশি টাকায় ৩৪ লাখ টাকা। এ ঘটনায় জড়িত অভিযোগে মল্লিককে আটক করা হয়।
উদ্ধার করা মুদ্রার মধ্যে রয়েছে সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, মালয়েশিয়ার রিঙ্গিত ও সিঙ্গাপুরের ডলার।
আটক শুশংকর মল্লিকের বাড়ি ঢাকার নবাবগঞ্জে। গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, সোনা কিনতে মুদ্রাগুলো মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল।