৩৪ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল মঙ্গলবার ৩৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান নাফ নদী হয়ে বাংলাদেশে আসছে—এই খবরের ভিত্তিতে গতকাল সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের লাপারঘোনা এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় মাছ ধরার কয়েকটি নৌকা লাপারঘোনা এলাকায় নাফ নদীর বেড়িবাঁধে ভিড়লে তল্লাশির উদ্যোগ নেন বিজিবির সদস্যরা। নৌকায় থাকা ব্যক্তিরা তখন পাশের জঙ্গলে একটি বস্তা ছুড়ে দিয়ে পালিয়ে যায়। পরে জঙ্গলে তল্লাশি চালিয়ে ৩৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি দুই লাখ টাকা।
৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে এসব ইয়াবা ধ্বংস করা হবে।