কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ৩৪টি প্রকল্পে বরাদ্দ দেওয়া টাকা ও খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ উঠেছে। বেশির ভাগ প্রকল্পে কোনো কাজই হয়নি। দু-একটিতে কাজ হয়েছে নামমাত্র। তবে বরাদ্দের টাকা ও চাল ঠিকই তুলে নেওয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২০১৫-২০১৬ অর্থবছরে তাড়াইলের জন্য গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) এবং কাবিখা ও কাবিটার ৭১টি প্রকল্পের বিপরীতে ৫৩ লাখ ২৪ হাজার ৯৮৫ টাকা বরাদ্দ হয়। এর মধ্যে কাবিখা-কাবিটার মাধ্যমে সড়ক সংস্কারের নয়টি প্রকল্পে ১৪ লাখ ২ হাজার ৫৬৬ টাকা এবং টিআরের মাধ্যমে সড়ক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ২৫টি প্রকল্পে ১২ লাখ ৫৯ হাজার ৯২৬ টাকা বরাদ্দ হয়। বরাদ্দের বাকি অর্ধেক অর্থ্যাৎ ২৬ লাখ ৬ হাজার ২৪৯ টাকা দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৮২টি সৌর প্যানেল স্থাপন করার কথা।
কাবিখা-কাবিটা ও টিআর বাস্তবায়নের কাজ পায় এলাকাভিত্তিক গঠিত প্রকল্প কমিটি। আর সৌর প্যানেল স্থাপনের কাজ বেসরকারি প্রতিষ্ঠান পায় ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)। গত ৩ মে এসব প্রকল্প অনুমোদিত হয়। কাজ শেষ করার কথা ছিল গত ৩০ জুনের মধ্যে।
গত ২১ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রতিবেদক টিআরের ১৮টি প্রকল্প এবং কাবিখা-কাবিটা নয়টি প্রকল্প এলাকা ঘুরে দেখেছেন। বাকি প্রকল্পগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও এলাকাবাসীর মাধ্যমে খোঁজ নেওয়া হয়। দেখা গেছে, টিআরের ২৫টির মধ্যে ২৩টিতে এবং কাবিখা-কাবিটা প্রকল্পের নয়টির মধ্যে একটিতে কোনো কাজই হয়নি। টিআরের বাকি দুটি এবং কাবিখা-কাবিটা প্রকল্পের বাকি আটটিতে যৎসামান্য কাজ হয়েছে।
কাবিখা-কাবিটার আওতায় উপজেলার ধলা ইউনিয়নের চাঁনপুর গ্রামে আসিদের বাড়ি থেকে কাঞ্চনের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতের জন্য চার মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছিল। কিন্তু কোনো কাজই হয়নি। এ প্রকল্পের সভাপতি আবদুর রাজ্জাক। দুদিন বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রাজ্জাক ঢাকায় আছেন।
তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়নের আতকাপাড়া গ্রামে মসজিদ থেকে সোবানের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতে ছয় মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। গ্রামের বাসিন্দা বাবলু মিয়া, ইছামুদ্দিন ও বকুল মিয়া বলেন, ছয়-সাতজন শ্রমিক দিয়ে মাত্র দুদিন মাটি কাটিয়ে কাজ শেষ করা হয়। তবে এ প্রকল্পের সভাপতি মো. আবদুছ সোবান দাবি করেন, বরাদ্দের পুরো টাকার কাজ হয়েছে।
দিগদাইড় ইউনিয়নের সেরুয়াকান্দা গ্রামে হাঁসের বাড়ি থেকে ফরাজের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতে চার মেট্রিক টন চাল বরাদ্দ হয়। স্থানীয় বাসিন্দা শরীফ মিয়া, ফেরদৌস মিয়া ও তাজুল মিয়া বলেন, তিন দিন কয়েকজন শ্রমিক দিয়ে মাটি ফেলে রাস্তার কিছু গর্ত ভরাট করা হয়েছে। তবে প্রকল্পের সভাপতি সুলতান উদ্দিন বলেন, ‘সঠিকভাবেই কাজ করেছি, কোনো অনিয়ম হয়নি।’
টিআরের মাধ্যমে প্রকল্পগুলোর মধ্যে উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা মাদ্রাসা থেকে আকুলের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতের জন্য ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়, রাউতি ইউনিয়নের শিবপুরের জহিরুলের বাড়ি থেকে সামনের গোড়াট পর্যন্ত ৪০ হাজার টাকা এবং একই ইউনিয়নের বড়িগাতি গ্রামের গিয়াস উদ্দীনের বাড়ি রাঙামাটি খাল পর্যন্ত রাস্তা মেরামতের জন্য ৭৪ হাজার ৮৫৩ টাকা বরাদ্দ করা হয়। কিন্তু এসব রাস্তায় এক কোদাল মাটিও পড়েনি।
টিআরের মাধ্যমে দিগদাইড় ইউনিয়নের সেরুয়াকান্দা প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৬০ হাজার টাকা বরাদ্দ হয়। স্থানীয় রহিম মিয়া ও আব্বাছ আলী বলেন, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে বিদ্যালয়ে তিনটি দরজা ও তিনটি শৌচাগারের স্লাব বসানো হয়। কিন্তু নির্বাচনের পরদিন পরাজিত প্রার্থী গিয়াস উদ্দিনের লোকজন সেগুলো খুলে নিয়ে যান। প্রকল্পের সভাপতি মোখলেছ মিয়া বলেন, ‘যা জিজ্ঞেস করার চেয়ারম্যানকে (গিয়াস) জিজ্ঞেস করুন।’ গিয়াস উদ্দিন বলেন, ‘নিজের টাকায় দরজা ও শৌচাগার করে দিয়েছিলাম। কে বা কারা সেগুলো নিয়ে গেছে জানি না।’
উপজেলা পরিষদ স্টাফ কোয়ার্টারের পেছনের পুকুরপাড় উন্নয়নের জন্য দেড় লাখ টাকা বরাদ্দ হয়। সেখানে কয়েকটি বাঁশের খুঁটি ও কয়েকটি পুরোনো ড্রাম এঁটে দেওয়া ছাড়া কিছুই করা হয়নি।
তাড়াইলে চলতি দায়িত্বে থাকা করিমগঞ্জ উপজেলার পিআইও মো. সাখাওয়াত হোসেন বলেন, রাস্তাঘাট মেরামতকাজের ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পিআইওর কার্যালয় সূত্র জানায়, তাড়াইলের বিভিন্ন এলাকায় ৮২টি সৌর প্যানেল বসানোর জন্য টিএমএসএসকে অগ্রিম হিসেবে বরাদ্দের ৫০ শতাংশ অর্থাৎ ১৩ লাখ ৩১ হাজার ২৪৬ টাকা গত জুন মাসের শুরুতে দেওয়া হয়। বাকি টাকার ৩০ শতাংশ কাজ শেষে এবং ২০ শতাংশ টাকা পাঁচ বছর পর দেওয়ার কথা। কিন্তু আজ পর্যন্ত একটি সৌর প্যানেলও বসায়নি টিএমএসএস।
এ প্রসঙ্গে পিআইও মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘টিএমএসএসকে কাজ শেষ করতে আমরা বারবার তাগিদ দিচ্ছি।’ টিএমএসএসের সহকারী পরিচালক জয়দেব কুমার শীল বলেন, কাজ চলমান আছে। প্রকল্পসংশ্লিষ্ট সভাপতিদের সঙ্গে চুক্তি করতে বিলম্ব হওয়ায় এ সমস্যা হচ্ছে। দ্রুত কাজ শেষ করা হবে।
সার্বিক বিষয়ে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা আক্তার গত ২৬ সেপ্টেম্বর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি অনেকগুলো প্রকল্প ঘুরে দেখেছি, কাজের মান সন্তোষজনক। এরপরও কোনো প্রকল্পের ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা পরিষদ স্টাফ কোয়ার্টারের পেছনের পুকুরপাড় উন্নয়নকাজের বিষয়ে তিনি বলেন, ‘এ কাজটি আমি নিজে বাস্তবায়ন করছি। ইতিমধ্যে এ প্রকল্পে ৭০ হাজার টাকা খরচ হয়েছে। পানি থাকায় মাটি ভরাটের কাজ হয়নি।’