৩৫ দিন পর জামায়াত নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার’ ৩৫ দিন পর ঝিনাইদহ সদর উপজেলার মাদ্রাসাশিক্ষক জামায়াত নেতা আবু হুরাইরার লাশ যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার লাশ উদ্ধার করে রাতে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে স্বজনেরা তাঁর লাশ শনাক্ত করে।
আবু হুরাইরা (৫৫) ঝিনাইদহ সদর উপজেলার কুঠি দুর্গাপুর মাদ্রাসার শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের শুরা সদস্য ছিলেন। বাড়ি উপজেলার অশ্বথলী গ্রামে। স্বজনদের অভিযোগ, ডিবি পরিচয়ে মাদ্রাসা থেকে হুরাইরাকে তুলে নেওয়া হয়েছিল।
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস আলী বলেন, হুরাইরার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যাবে।
পুলিশ সূত্রে জানা গেছে, যশোর-চৌগাছা সড়কের আমবটতলা এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশের খবর দেয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। হুরাইরার পরিবারের লোকজন মর্গে গিয়ে লাশটি শনাক্ত করেন।
হুরাইরার ভাই আবদুল মালেক সাংবাদিকদের বলেন, ডিবি পরিচয়ে গত ২৪ জানুয়ারি আবু হুরাইরাকে তাঁর কর্মস্থল কুঠি দুর্গাপুর মাদ্রাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় জিডি করা হয়।
অভিযোগ অস্বীকার করে সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, পুলিশ কাউকে ধরে নিয়ে যায়নি। তবে তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তিনি মাদ্রাসার শিক্ষক।