৩৫ দিন পর বাড়ির তত্ত্বাবধায়ক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সেনা কর্মকর্তা ওয়াজি আহম্মেদ চৌধুরী হত্যায় জড়িত অভিযোগে তাঁর বাড়ির তত্ত্বাবধায়ক আবদুল আহাদকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। হত্যাকাণ্ডের ৩৫ দিন পর গত বুধবার রাত পৌনে ১২টার দিকে পল্লবী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গতকাল বৃহস্পতিবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব এ তথ্য জানায়। র্যাব-৪-এর পরিচালক খন্দকার লুৎফুল কবির বলেন, ৫ অক্টোবর মহাখালীর ডিওএইচএসের বাসায় সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ওয়াজি আহম্মেদ চৌধুরীকে (৭৬) শ্বাসরোধে হত্যা করে টেলিভিশন, ল্যাপটপ ও মুঠোফোন নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ওই বাড়ির তত্ত্বাবধায়ক আবদুল আহাদকে প্রধান আসামি করে কাফরুল থানায় হত্যা মামলা করা হয়। আহাদকে প্রাথমিক সন্দেহের তালিকায় রেখে তাঁর অবস্থান নির্ণয়ে তদন্ত শুরু হয়।
খন্দকার লুৎফুল কবির বলেন, র্যাবের জিজ্ঞাসাবাদে ওয়াজি আহম্মেদকে হত্যার কথা স্বীকার করে আহাদ বলেছেন, রশি দিয়ে ফাঁস লাগিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। পরে রশি দিয়ে তাঁর হাত-পা বেঁধে বাইরে থেকে দরজায় তালা মেরে ডাইনিং রুম থেকে টিভি এবং টেবিলের ওপর থেকে নগদ চার হাজার টাকা ও একটি ল্যাপটপ নিয়ে বাসার প্রধান ফটকে তালা মেরে চলে যান। আহাদ বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন।
র্যাব-৪-এর পরিচালক বলেন, র্যাবের জিজ্ঞাসাবাদে ঘটনার আগের দিন ৪ অক্টোবর ওয়াজি আহম্মেদের ছেলে ফুয়াদ আহমেদ চৌধুরী তত্ত্বাবধায়ক আহাদকে নিয়ে গুলশানে তাঁদের অপর একটি ফ্ল্যাটে যান। সেখান থেকে আহাদ মহাখালী ডিওএইচএসের বাসায় ফিরে ওয়াজি আহম্মেদকে বলেন, তিনি আর কাজ করবেন না। আহাদ পরদিন ৫ অক্টোবর সকালে ওয়াজি আহম্মেদের কক্ষে গিয়ে তাঁর পাওনাদি চান। এ নিয়ে তাঁদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আহাদ তাঁর কক্ষ থেকে রশি নিয়ে আসেন। হত্যা করার ভয় দেখালে ওয়াজি আহম্মেদ ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার দেন। পরে আহাদ ওয়াজিকে ফাঁস লাগিয়ে হত্যা করেন। আহাদের বাড়ি সিলেটের বিশ্বনাথ থানার নদার মালপাড়ায়।
লুৎফুল কবির বলেন, ওয়াজি আহম্মেদ মহাখালীর ডিওএইচএসের ছয়তলা বাড়ির মালিক ছিলেন। তাঁর দুই ছেলের মধ্যে বড় ছেলে সপরিবারে যুক্তরাষ্ট্রে থাকেন। স্ত্রী মারা গেছেন। ওয়াজি ছোট ছেলে অবিবাহিত ফুয়াদকে নিয়ে বাড়ির দোতলায় থাকতেন। ৫ অক্টোবর ফুয়াদ বেলা ১১টার পর ঘুম থেকে উঠে দেখেন, তাঁর কক্ষের দরজা বাইরে থেকে লাগানো। তিনি দরজার ফাঁক দিয়ে দেখেন ডাইনিং রুমের দেয়ালে লাগানো টিভি নেই। তখন তিনি নিচতলা ভাড়া নেওয়া প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ডাকেন এবং তাঁর কক্ষের বারান্দা থেকে সানশেডের মাধ্যমে নিচে নামেন। পরে তিনি নিচতলার লোকজনের সহায়তায় তালা ভেঙে ভেতরে ঢুকে তাঁর বাবার কক্ষে গিয়ে রশি দিয়ে গলা ও হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় ফুয়াদ তাঁর চাচাতো ভাইকে ঘটনাটি জানান। পরে ওয়াজিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অবশ্য ঘটনার পর পুলিশ কর্মকর্তারা বলেছিলেন, ফুয়াদ শ্রবণপ্রতিবন্ধী। শোনার জন্য তিনি যন্ত্র ব্যবহার করতেন। এ ছাড়া তাঁর কথাও জড়িয়ে যায়।