৩৫ লাখ টাকার জালনোটসহ গ্রেপ্তার ৩
পরিবাগ মোড়ে গতকাল বুধবার ভোরে অভিযান চালিয়ে তিন ব্যক্তির কাছ থেকে ৩৫ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. অলি, মো. লিটন মিয়া ও মো. রনি মিয়া।
ডিবি সূত্র জানায়, ভোর পাঁচটার দিকে ডিবির একটি দল পরিবাগসংলগ্ন হোটেল রূপসী বাংলার পাশে অভিযান চালিয়ে জালনোট বেচাকেনায় জড়িত চক্রের ওই তিন সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ৩৫ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
ডিবির উপকমিশনার (পশ্চিম) মো. সাজ্জাদুর রহমান সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পাঁচ-ছয় বছর ধরে পরস্পরের যোগসাজশে জনৈক শাহাবুদ্দীনের কাছ থেকে জালনোট কিনে রাজধানী এবং এর আশপাশে বিভিন্ন জেলায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছেন। জালনোট তৈরির হোতা শাহাবুদ্দিন ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়েছে।