৩৫ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ৪
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি গাড়ি থেকে ৩৫ হাজার ইয়াবা বড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হারুন অর রশিদ ওরফে বস হারুন, শুক্কুর আলী, রেজাউল করিম ও হারুন অর রশিদ।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডিবির (দক্ষিণ) একটি দল বিশেষ অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করে। এ সময় এঁদের সঙ্গে থাকা নতুন একটি নিশান জিপের ভেতর থেকে ৩৫ হাজার ইয়াবা জব্দ করা হয়।
ডিবির (দক্ষিণ) উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ প্রথম আলোকে বলেন, হারুন ইয়াবা পাচারকারী দলটির প্রধান। মাদক সম্রাট জুবায়ের মিয়ানমার থেকে ইয়াবার বড় বড় চালান কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে আনেন। জব্দ হওয়া ইয়াবার চালানটি কক্সবাজার থেকে শ্যামলী পরিবহনের চালক শুক্কুর আলীর সহযোগিতায় ঢাকায় আনা হয়। পরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি মূল্যে ইয়াবা বিক্রি করতেন। এঁদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানার নিয়মিত মামলা হয়েছে।