৩৫ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক অভিযান চালিয়ে ৩৫ হাজার ইয়াবা বড়ি ও ২০০ বোতল ফেনসিডিলসহ নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডিবির একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যক্তিগত গাড়ি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে ডিবি ৩৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে হারুন অর রশীদ ও তাঁর তিন সহযোগী শুক্কুর আলী ওরফে ডিলার আলী, রেজাউল করিম ও হারুনকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার রহমতউল্লাহ চৌধুরী।
ডিবির উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে বলেছেন, মাদক ব্যবসায়ী জুবায়ের মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান কক্সবাজারের টেকনাফে আনেন।
এর আগে ডিবির আরেকটি দল বুধবার রাত সাড়ে ১১টার দিকে দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। তারা গাড়িতে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল ও দুটি গুলিসহ একটি পিস্তল উদ্ধার করে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই গাড়ি থেকে মামুন, লিটন, আরিফ, সুমন ও কাশেম নামের পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।