৩৬ ঘণ্টার হরতাল ডাকল শাখা ছাত্রদল
চার দফা দাবিতে কুষ্টিয়া শহর, ঝিনাইদহ শহর এবং ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আগামীকাল বুধবার ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ হরতাল চলবে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে থাকা চার দফা দাবি হলো—দ্রুত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দিয়ে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক করা, ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদের বাড়িতে ভাঙচুর-লুটপাট ও তাঁর বাবা-মাকে উদ্দেশ করে অশালীন ও আপত্তিকর মন্তব্যকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানকে বিশ্ববিদ্যালয় থানা থেকে অবিলম্বে প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের নামে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার ও হয়রানি বন্ধ এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থায় চলমান সব অনিয়ম-দুর্নীতি বন্ধ করা।
গত বছরের ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দুই বাসের মাঝে পড়ে এক ছাত্র নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ বছরের ৬ জানুয়ারি পর্যন্ত টানা ৩৭ দিন বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়। এরপর ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হয়। কিন্তু বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ কর্মসূচির কারণে ওই দিন কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। পরের দিন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির অবরোধের সমর্থনে একটি মিছিল করে। পুলিশ মিছিলে বাধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে ওই দিন সন্ধ্যায় জরুরি সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় ফের বন্ধের সিদ্ধান্ত হয়।
ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম অভিযোগ করেন, ১২ জানুয়ারি এসআই মাহফুজুর রহমান তাঁকে ফোন করেন। এ সময় অবরোধের সমর্থনে কোনো কিছু না করতে তাঁকে হুমকি দেন তিনি। এমনকি তাঁর বাবা-মাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন ও বাড়িতে হামলা চালান।
তবে মাহফুজুর রহমান বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।