সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে গতকাল সোমবার রাজবাড়ীতে ২০ জেলেকে জেল ও একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে ফরিদপুরে ১১ জেলেকে এবং ঝালকাঠিতে ছয় জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজবাড়ী: সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, রোববার রাত নয়টা থেকে গতকাল ভোর পর্যন্ত পদ্মা নদীর জৌকুরা ফেরিঘাট এলাকা থেকে অন্তারমোড় পর্যন্ত অভিযান চালিয়ে ২১ জন জেলেকে আটক করা হয়। গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম সৈয়দা নূরমহল আশরাফী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি ২০ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে দুই হাজার টাকা জরিমানা করেন।
ফরিদপুর: সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নওশের আলী বলেন, রোববার দিবাগত রাত একটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের মনসুরাবাদ, কবিরপুর ও গোলডাঙ্গি এলাকায় পদ্মা নদীতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১১ জন জেলেকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) মনদীপ ঘড়াই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি ১১ জেলেকে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
পিরোজপুর: ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার দিবাগত রাত ১২টার দিকে বিষখালী নদীতে জেলেরা ইলিশ শিকার করছিলেন। ভ্রাম্যমাণ আদালত বাদুড়তলা এলাকায় নদীতে অভিযান চালিয়ে ছয় জেলেকে আটক করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. রফিকুল ইসলাম ওই ছয়জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।