৩৭টি হরিণের চামড়া উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় গত মঙ্গলবার রাতে পাচারের সময় ৩৬টি হরিণের চামড়া উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
একই দিন বাগেরহাটের শরণখোলায় একটি হরিণের চামড়াসহ একজনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরগুনা ও পাথরঘাটা: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানায়, পাথরঘাটার মধ্য কালমেঘা গ্রাম থেকে পাচারকারীরা বেশ কিছু হরিণের চামড়া ঢাকায় নিয়ে যাবে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার র্যাবের সদস্যরা সেখানে অবস্থান নেন। রাত আটটার দিকে পাথরঘাটা-কাঁকচিড়া থেকে একটি মোটরসাইকেলে করে দুজন একটি বস্তা নিয়ে পাঘরঘাটার দিকে যাচ্ছিলেন। র্যাবের সদস্যরা তাঁদের থামার সংকেত দেন। তাঁরা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। র্যাবের সদস্যরা ধাওয়া করে উজ্জ্বল ও মো. শাহীন নামের দুজনকে ধরে ফেলেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা বস্তা থেকে ৩৬টি হরিণের চামড়া উদ্ধার করা হয়। উজ্জ্বলের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায়। শাহিনের বাড়ি মধ্য কালমেঘা গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, এসব চামড়া চোরাই শিকারিদের কাছ থেকে কিনে তাঁরা ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) আসাদুজ্জামান গতকাল বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আটক দুজনকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হবে। তাঁদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে। চোরাই শিকারীদের ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি।’
এর আগে ২৮ জানুয়ারি পাথরঘাটার দক্ষিণ জ্ঞানপাড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।
বাগেরহাট: শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম প্রথম আলোকে জানান, সুন্দরবনে শিকার করা একটি হরিণের চামড়াসহ মঙ্গলবার গভীর রাতে শরণখোলা উপজেলার ছইলাবুনিয়া গ্রামের বাড়ি থেকে শাহবাজ খান (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। গতকাল দুপুরে হরিণের চামড়াটি বন বিভাগের কাছে হস্তান্তর করে পুলিশ।
তবে শাহবাজ খান বলেন, ‘আমাকে হয়রানি করতে শত্রুপক্ষ আমার বাড়ির রান্নাঘরে হরিণের চামড়া রেখে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে।’