পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন লক্ষ্মীখালী এলাকার বনে গত শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে কোস্টগার্ডের সদস্যরা কথিত বনদস্যু মোতালেব বাহিনীর একটি আস্তানা থেকে বিভিন্ন ধরনের ৩৮৪টি গুলিসহ বেশ কিছু মালামাল উদ্ধার করেছেন। উদ্ধার করা অন্য জিনিসের মধ্যে রয়েছে একটি হরিণের মাথার কঙ্কাল, একটি মুঠোফোন সেট, একটি নৌকা ও ছয়টি গুলির খোসা। কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. রাহাতুজ্জামান জানান, আস্তানাটি বনদস্যু মোতালেব বাহিনী ব্যবহার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের কৈখালী ও দোবেকী ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালান। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা দ্রুত আস্তানা থেকে পালিয়ে যায়। পরে কোস্টগার্ডের সদস্যরা ওই আস্তানায় তল্লাশি করে পিস্তলের ৩৬৭টি ও বন্দুকের ১৭টি গুলিসহ অন্য মালামাল উদ্ধার এবং আস্তানাটি ধ্বংস করেন। এসব গুলি ও জিনিসপত্র গতকাল রোববার বিকেলে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।