জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে রংপুরের কাউনিয়া উপজেলার ৩৯টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২২ আগস্ট এ নোটিশ পাঠানো হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন ওই নোটিশে সই করেছেন। জানা গেছে, ১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত পরীক্ষার ফরম পূরণ চলে। দিনাজপুর শিক্ষা বোর্ড জেএসসির ফরম পূরণে ২৫০ টাকা ফি নির্ধারণ করে।
কিন্তু অভিযোগ ওঠে, শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে উপজেলার ৩৯টি বিদ্যালয়ে ফরম পূরণে ৫০০ টাকা করে আদায় করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন গতকাল সোমবার বলেন, জেএসসির ফরম পূরণে বাড়তি টাকা আদায়ের বিষয়ে প্রথম আলোয় প্রকাশিত সংবাদের সূত্র ধরে প্রতিষ্ঠানপ্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে হবে। তবে ইতিমধ্যে কিছু প্রতিষ্ঠানে ওই ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের সত্যতা পাওয়া গেছে।