৩৯ বিদ্যালয়ে নিয়োগে জালিয়াতি
ভুয়া রেজুলেশন ও ভুয়া শিক্ষা কমিটির মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার তৎকালীন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিটলারুজ্জামান ৩৯টি বিদ্যালয়ে ‘দপ্তরি কাম প্রহরী’ পদে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রথম আলোর অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে।
মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসব নিয়োগ নিয়ে স্থানীয় সাংসদ, বিদ্যালয় পরিচালনা কমিটি, এলাকাবাসী ও নিয়োগবঞ্চিত প্রার্থীরা সে সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও করেছিলেন। এমনকি অবৈধভাবে এসব নিয়োগ দেওয়ায় হিটলারুজ্জামানকে এলাকাবাসী গণধোলাই দিলে তিনি গোপনে এলাকা ছেড়ে চলে যান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, হিটলারুজ্জামান ওই সব নিয়োগ-প্রক্রিয়ার আগে নিয়মিত শিক্ষা কমিটির রেজুলেশন বই লুকিয়ে রেখে নতুন একটি রেজুলেশন বই তৈরি করেন। সে সময় দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীবের সভাপতিত্বে গত বছর ২৩ ডিসেম্বর শিক্ষা কমিটির সভা দেখানো হয়। সে সভায় অবৈধভাবে ১৪০টি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অনুমোদনও দেখানো হয়েছে। সেই সঙ্গে দপ্তরি কাম প্রহরী নিয়োগের কার্যক্রম শুরু করা হয়। সেই নিয়োগ কার্যক্রমে শিক্ষা কর্মকর্তার লিখিত অনুমতি ছাড়া অবৈধভাবে সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বাছাই ও নিয়োগ কমিটিতে ছিলেন। পরে এ বছরের ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি ওই ৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী পদে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। কিন্তু নিয়োগ অনুমোদনকারী কর্তৃপক্ষ ইউএনওর অনুমোদন ছাড়াই বিদ্যালয় কর্তৃপক্ষ ১১ মার্চ বিদ্যালয়গুলোতে এ পদে নিয়োগ দেয়। ১২ মার্চ স্থানীয় সাংসদ শিবলী সাদিক নিয়োগ-প্রক্রিয়া স্থগিতের জন্য ইউএনওকে লিখিত নির্দেশ দেন। এরপর বর্তমান ইউএনও মো. ফরহাদ হোসেন ওই নিয়োগের কোনো অনুমোদন দেননি। এ কারণে তাঁরা (৩৯ জন দপ্তরি কাম প্রহরী) এখন পর্যন্ত কোনো বেতন-ভাতা পাচ্ছেন না।
বর্তমানে নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, গত ২৭ মার্চ তিনি এখানে যোগদান করেন। পরে তিনি জালিয়াতির মাধ্যমে দপ্তরি কাম প্রহরী পদে নিয়োগের বিষয়টি ধরতে পারেন। এরপর যেসব প্রতিষ্ঠানে এসব নিয়োগ দেওয়া হয়েছিল সে প্রতিষ্ঠানগুলোর প্রধানের কাছে নিয়োগের প্রয়োজনীয় কাগজ ও জবাব চেয়ে গত ৫ মে লিখিত নির্দেশ দেন। পরে এসব প্রতিষ্ঠানের প্রধানেরা ১২ মে নিয়োগের প্রয়োজনীয় কাগজ ও লিখিত জবাব দেন।
জানতে চাইলে আজিজুল ইসলাম জানান, নিয়োগ পরীক্ষার দু-তিন দিন আগে ইউএনওর কার্যালয়ে একটি সভা হয়। সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা ব্যবস্থাপনা কমিটির অনুমোদন ছাড়া নিয়োগ দিতে অস্বীকৃতি জানান। সে সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলমগীর হোসেন সব বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। সেই সঙ্গে নিয়োগ-প্রক্রিয়ায় কোনো সমস্যা হবে না বলে সব শিক্ষককে শাহ আলমগীর হোসেন আশ্বস্ত করেন। তবে বাছাই ও নিয়োগ কমিটিতে থাকার জন্য শিক্ষা কর্মকর্তার লিখিত নির্দেশনা ছিল না।
নবাবগঞ্জ উপজেলার তৎকালীন ইউএনও (বর্তমানে গাইবন্ধার সাদুল্লাহপুরের ইউএনও) আহসান হাবীব মুঠোফোনে প্রথম আলোকে জানান, সে সময় শিক্ষা কমিটির কোনো সভার কথা তিনি মনে করতে পারছেন না।
জানতে চাইলে শাহ আলমগীর হোসেন জানান, তিনি কখনই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অনুমোদনের আশ্বাস দেননি। নিয়োগ-প্রক্রিয়াও শুরু করতে বলেননি। হিটলারুজ্জামান ও তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি মতিনুর রহমান যোগসাজশ করে নিয়োগের নামে মোটা টাকা হাতিয়ে নিয়েছিলেন। এ জন্য ওই দুজন স্থানীয় সাংসদের সব পরামর্শ ও নির্দেশনা ছাড়াই অবৈধভাবে নিয়োগ দিতে উঠে পড়ে লাগেন। এ ঘটনায় হিটলারুজ্জামানকে স্থানীয় লোকজন গণধোলাই দেন। পরে গোপনে হিটলারুজ্জামান নবাবগঞ্জ থেকে চলে যান। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান এ নিয়োগ-প্রক্রিয়ায় তাঁর পছন্দের একাধিক প্রার্থীকে নিয়োগ দিতে প্রভাব বিস্তার করেন।
তবে আতাউর রহমান জানান, তিনি নিয়োগ-প্রক্রিয়ায় কোনো প্রভাব বিস্তার করেননি। দল করায় তাঁর চারজন প্রার্থীকে নিয়োগ দিতে বলেছিলেন। এর মধ্যে দুজনের নিয়োগ হয়েছে।
হিটলারুজ্জামান মুঠোফোনে বলেন, ‘আপনি পুরানা জিনিস নিয়ে এত খোঁচাখুঁচি করেন কেন?’ নাম প্রকাশে অনিচ্ছুক নিয়োগপ্রাপ্ত কয়েকজন দপ্তরি জানান, নিয়োগের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতিকে জমিজমা বিক্রি করে তাঁরা পাঁচ থেকে সাত লাখ টাকা করে দিয়েছেন। তাঁদের নিয়োগ বাতিল হলে এ বিষয়ে তাঁরা আইনগত পদক্ষেপ নেবেন।