৪ কেজি হেরোইনসহ রাজশাহীতে দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজশাহীতে ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫-এর একটি দল। গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানাধীন কোর্ট স্টেশন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। উদ্ধারকৃত এই হেরোইনের দাম ৪ কোটি ১৮ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় আটক দুজন হলেন জেলার গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক এলাকার কামরুল ইসলাম (৫০) ও তাঁর সহযোগী রাজশাহী নগরের হড়গ্রাম নতুনপাড়া এলাকার ওমর শরীফ রনি (৩০)।

র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, র‍্যাব জানতে পেরেছিল, এই দুজন প্রায়ই ৬০০ থেকে ৭০০ গ্রাম করে হেরোইন জমিয়ে বড় চালান বানিয়ে ঢাকায় পাঠাতেন। গোপন সংবাদের ভিত্তিতে কামরুল ইসলামকে কোর্ট স্টেশন এলাকা থেকে ৭০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শরীফের বাড়ি থেকে বাকি হেরোইনসহ তাঁকে আটক করা হয়। র‍্যাব বাদী হয়ে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। তাঁদের আজ সোমবার সকালে থানায় হস্তান্তর করেছে র‍্যাব।