৪ জঙ্গিকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনায় গ্রেপ্তার হওয়া দুই জঙ্গিকে সীতাকুণ্ডের জঙ্গি আস্তানা থেকে বোমা উদ্ধার করার মামলায় (শ্যোন অ্যারেস্ট) গ্রেপ্তার দেখানোর আবেদন করবে পুলিশ। সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা দুই জঙ্গির মুখোমুখি করে ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করার কথাও পুলিশ ভাবছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা প্রথম আলোকে এসব কথা বলেছেন।
এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার দুই জঙ্গি পুলিশের জিজ্ঞাসাবাদে একেক সময় একেক রকম তথ্য দিচ্ছেন বলে জানান পুলিশ সুপার। যে কারণে চান্দিনা থেকে গ্রেপ্তার দুজনকে সীতাকুণ্ডের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে শিগগিরই আবেদন করা হবে।
৭ মার্চ চট্টগ্রাম থেকে বোমা নিয়ে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার চান্দিনায় ধরা পড়েন মো. হাসান (সুরত আলম) ও আহমেদ আওয়াজ নামের দুই জঙ্গি। জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশকে বলেন, এর আগেও চট্টগ্রাম থেকে দুবার বোমার চালান নিয়ে ঢাকায় পৌঁছে দিয়েছেন তাঁরা। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী পরদিন চট্টগ্রামের মিরসরাই পৌরসভার গোভনিয়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে ২৯টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
চান্দিনায় দুই জঙ্গিকে গ্রেপ্তারের এক সপ্তাহ পর ১৫ মার্চ বিকেলে মিরসরাইয়ের পাশের উপজেলা সীতাকুণ্ডের আমিরাবাদ এলাকার ‘সাধন কুটির’ বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বোমা, অস্ত্র, বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয় জঙ্গি দম্পতি জসিম ওরফে জহিরুল ইসলাম ও তাঁর স্ত্রী আরজিনা ওরফে রাজিয়া সুলতানাকে। ওই দিনই আমিরাবাদ থেকে এক কিলোমিটার দূরে প্রেমতলা চৌধুরীপাড়ায় ‘ছায়ানীড়’ নামের আরেকটি বাড়ি ঘিরে রাখে পুলিশ। পরিদন অভিযান চালানোর সময় আত্মঘাতী বিস্ফোরণ ও গুলিতে মারা যায় চার জঙ্গি এবং এক শিশু। এদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া তিনজন হলেন স্ত্রী জোবাইরা ইয়াসমিন, তাঁর স্বামী কামাল হোসেন ও তাঁদের শিশু সন্তান। আমিরাবাদ থেকে গ্রেপ্তার জসিমের বোন জোবাইরা। তাঁদের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়নে। চান্দিনায় ধরা পড়া জঙ্গি হাসানের বাড়িও বাইশারিতে।
ছায়ানীড় বাড়িটির জঙ্গিদের ফ্ল্যাটটি থেকে মোট ৩৭টি বোমা পাওয়া গেছে। এ ছাড়া বোমা তৈরির বিপুল সরঞ্জাম, বোমা বানানোর কাজে ব্যবহার করা ৪০ লিটার অ্যাসিড ও ২০০ লিটার হাইড্রোজেন পার-অক্সাইড (একধরনের তরল রাসায়নিক) পাওয়া গেছে।